শিক্ষকের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় শ্রেণির দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটি পরস্পর চাচাতো বোন। গতকাল মঙ্গলবার তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, শিশু দুটির বয়স পাঁচ ও আট বছর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।
এক শিশুর বাবা সাংবাদিকদের বলেন, দ্বাদশ শ্রেণির এক ছাত্র দুই শিশুকে প্রাইভেট পড়ায়। প্রতিদিন বিকেলে মেয়ে দুটি শিক্ষকের বাড়িতে পড়তে যেত। তিন-চার দিন ধরে মেয়ে দুটি আর পড়তে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু ঘটনা না জানার কারণে পরিবার থেকে তাদের পড়তে যেতে বাধ্য করা হয়। অবশেষে গত সোমবার সন্ধ্যায় তারা মা ও চাচির কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ বলেন, ঘটনা জানার পরপরই ওই শিক্ষককে ধরার জন্য পুলিশ পাঠানো হয়। কিন্তু সে পালিয়ে গেছে। এ ব্যাপারে শিশু দুটির পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি।