শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিয়ের কথা বলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই ছাত্রী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই শিক্ষক তা অস্বীকার করেছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায়ই বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য মৃণাল ভট্টাচার্য, প্রক্টর জাহিদুল কবীর ও জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ বেগম। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার ওই শিক্ষক বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে মিথ্যা অভিযোগ এনে সম্মান নষ্ট করতে চাইছেন ওই ছাত্রী। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণ হবে বলেই আমি আশাবাদী।’
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রীটি ওই শিক্ষকের বিভাগেই পড়েন। তাঁরা পরস্পরের আত্মীয়। ওই ছাত্রীর আগে বিয়ে হয়। পরে বিচ্ছেদ ঘটে। এ সুযোগে তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করেন ওই শিক্ষক।
ওই ছাত্রীর ভাষ্য, সম্পর্কের শুরুতে ওই শিক্ষক বলেন, ‘তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো। আমি তোমাকে সাহায্য-সহযোগিতা করব।’ এসব বলে ওই শিক্ষক সম্পর্ক শুরু করেন। কিছুদিন পর শারীরিক সম্পর্ক করতে চাইলে তিনি আপত্তি করেন। এ সময় চাকরি স্থায়ী হওয়ার পর ওই শিক্ষক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ওই শিক্ষক সম্পর্কের বিষয়টি কাউকে না বলার অনুরোধ করেন। দেড় বছর সম্পর্কের পর সম্প্রতি ওই শিক্ষক তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর মঙ্গলবার ওই ছাত্রী বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
ওই ছাত্রী বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে তাঁকে ঠকানো হয়েছে। বর্তমানে তিনি মানসিক পীড়ার মধ্যে আছেন। তিনি প্রতারণা মেনে নিতে পারছেন না। তিনি এ ঘটনার বিচার চান।
বিভাগীয় প্রধান বলেন, বিভাগের সব শিক্ষকের সম্মতিতে অভিযোগটি উপাচার্যের কাছে দেওয়া হয়েছে।
উপাচার্য মোহীত উল আলম বলেন, অভিযোগটি খতিয়ে দেখার জন্য কমিটি করা হয়েছে।