ফরিদপুরের নগরকান্দার সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষক দাপ্তরিক কর্মকর্তা থাকা অবস্থায় শিক্ষা অধিদপ্তরের বরাদ্দ দেওয়া এ টাকা আত্মসাৎ করেন।
শিক্ষক সূত্র জানায়, ২০১৩ সালের ১১ অক্টোবর নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত নগরকান্দা মহাবিদ্যালয় সরকারীকরণ করা হয়। তবে নিয়োগ-প্রক্রিয়া শেষ হয় ২০১৫ সালের ৮ জুলাই। ওই দিনই শিক্ষা অধিদপ্তর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আকরাম হোসেনকে অফিস ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়। আকরাম হোসেন চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত ওই পদের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সরকারীকরণের পর ২০১৫ সালের ১৯ অক্টোবর ও ২০ ডিসেম্বর দুই ধাপে ২০১৫-১৬ অর্থবছরে কলেজের ৩১ জন শিক্ষক ও ১৮ জন কর্মচারীর বেতন-ভাতা দেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এ ছাড়া বিভিন্ন সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ, সম্পদ ক্রয় খাতে উন্নয়নের জন্য ৮ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, আকরাম হোসেন তাঁর শেষ কর্মদিবসে (গত ১৩ জানুয়ারি) ৩০টি ভুয়া বিলের বিপরীতে ৪ লাখ ৮০ হাজার ৯৭৫ টাকা উপজেলা হিসাব শাখার অনুমোদন নিয়ে উত্তোলন করেন। পরে তিনি তা নিজের সঞ্চয়ী হিসাবে জমা রাখেন। সেবামূলক বিভিন্ন খাতের মধ্যে কর্মচারীদের পোশাক বাবদ ৩০ হাজার টাকা বরাদ্দ ছিল। গত ২১ ফেব্রুয়ারি কর্মচারীরা তাঁদের নতুন পোশাক দাবি করলে অফিস ইনচার্জের অর্থ আত্মসাতের বিষয়টি ফাঁস হয়ে যায়।
১৪ জানুয়ারি পাবনা এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান বিজন কৃষ্ণ মৃধা অধ্যক্ষ হিসেবে নগরকান্দা মহাবিদ্যালয়ে যোগ দেন। তিনি বলেন, মো. আকরাম হোসেন ৩০টি ভুয়া বিল দেখিয়ে উপজেলা হিসাব কার্যালয় থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা তুলে নিজের ব্যাংক হিসাবে (সোনালী ব্যাংক নগরকান্দা শাখা) জমা রেখেছেন। এ বিষয়টি জানাজানি হলে তিনিসহ (অধ্যক্ষ) অন্য শিক্ষকদের সামনে আকরাম ভুয়া বিল দিয়ে টাকা তোলার কথা স্বীকার করেন। আকরাম তাঁদের বলেছেন, তিনি যেসব খাতের টাকা তুলেছেন, সে টাকার কাজ করিয়ে দেবেন।
তবে মো. আকরাম হোসেনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি অফিস ইনচার্জ হওয়ায় শিক্ষকদের অনেকেই তা মেনে নিতে পারেননি। তাঁরাই ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন। আমি যে টাকা উত্তোলন করেছি, তার কাজ করে দিয়েছি।’
সোনালী ব্যাংক নগরকান্দা শাখার ব্যবস্থাপক মো. খায়রুল হাসান বলেন, আকরাম হোসেন ১৩ জানুয়ারি নিজের নামে করা ৩০টি বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ক্যাশ করার অনুমতি নিয়ে ৪ লাখ ৮০ হাজার ৯৭৫ টাকা উত্তোলন করেন এবং নিজের ব্যক্তিগত হিসাবে জমা রাখেন। ওই টাকা এখনো তাঁর হিসাবে জমা আছে।
নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কৃষ্ণ মৃধা বলেন, কলেজের বিভিন্ন সেবা খাতের টাকা কলেজের অধ্যক্ষ নিজে উঠিয়ে খরচ করতে পারেন না। কোনো প্রতিষ্ঠান সেবা খাতের কাজ করে বিল জমা দিলে এবং সেই বিলের বিপরীতে কলেজ অনুমোদন দিলে উপজেলার হিসাব বিভাগ ওই প্রতিষ্ঠানকে টাকা দেয়। এ ক্ষেত্রে হিসাব বিভাগ কলেজের ইনচার্জকে কীভাবে টাকাগুলো হস্তান্তর করল, তা বোধগম্য নয়।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমীরুল হকের মুঠোফোনে গত রোববার বেলা সোয়া দুইটার দিকে ফোন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কথা বলতে এক ঘণ্টা সময় চান। এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।