শিক্ষকের বিরুদ্ধে মেডিকেল ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ
খুলনা মেডিকেল কলেজের একজন শিক্ষকের বিরুদ্ধে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর জের ধরে আজ বুধবার ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত এবং তাঁকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ওই কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মেডিকেল কলেজ ভবনে প্যাথলজি বিভাগের ওই শিক্ষকের কক্ষে একটি কাজ নিয়ে যান চতুর্থ বর্ষের একজন ছাত্রী। তখন তিনি ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মিলে ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাঁরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। অভিযোগ পেয়ে অধ্যক্ষ কলেজের শিক্ষকদের নিয়ে সভা করেন। সেখানে ওই শিক্ষককে অন্য জায়গায় বদলি করার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে জানতে ওই শিক্ষকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। পরিচয় দিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুধাংশু কুমার বল্লভ বলেন, তিনি ছাত্রীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগটি শুনেছেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীদের উত্তেজনা প্রশমনের জন্য তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ থেকে প্রত্যাহার করে অন্য জায়গায় বদলির সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পুলিশি প্রহরায় ওই শিক্ষককে মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে দিয়ে আসা হয়েছে।’