শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে গত ২৩ জুলাই ডিন ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন।

এদিকে ওই অভিযোগ পেয়ে গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি গতকাল মঙ্গলবার তাদের তদন্তপ্রতিবেদন জমা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গত ২৩ জুলাই লিখিত অভিযোগ বিভাগের চেয়ারম্যানকে মাধ্যম করে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনকে দেন। একই দিন তিনি ওই অভিযোগ রেজিস্ট্রার বরাবরও দেন।

ওই লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘ওই শিক্ষক আমাকে প্রায়ই তাঁর বাসায় যেতে বলেন। একবার তিনি আমাকে গবেষণা কাজের জন্য একটা নমুনা বীজ সংগ্রহ করতে বলেন। আমি ঝিনাইদহের এক ব্যবসায়ীর খোঁজ তাঁকে দিই। তিনি আমাকে সঙ্গে নিয়ে গিয়ে একসঙ্গে থাকার প্রস্তাব দেন। আমি অনাগ্রহ প্রকাশ করি। কিছুদিন ধরে কয়েক দফায় তিনি আমাকে খাতা দেখার জন্য ও গবেষণাপত্র লেখার জন্য তাঁর বাসায় যেতে জোর করেন। ওই শিক্ষক আমাকে বলেন, গবেষণার কাজ বাসাতেই করতে হবে। এর জন্য নিরিবিলি পরিবেশ দরকার। অনেক সময় তোমাকে আমার সঙ্গে বাইরে যেতে হবে। একপর্যায়ে ওই শিক্ষক আমাকে কুপ্রস্তাব দেন। ’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শফিউল আলম বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পরই জ্যেষ্ঠ শিক্ষক ভবেন্দ্র কুমার বিশ্বাসের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানসহ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তাঁদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবদেন জমা দিতে বলা হয়েছে।’ ভবেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘আমরা তদন্ত শেষ করে গতকাল প্রতিবেদন জমা দিয়েছি।’

অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমি তার (ওই শিক্ষার্থী) কাজ পরিদর্শনের সময় তাকে অনেক সময় চাপ দিয়ে কাজ করতে বলেছি বলে ওই শিক্ষার্থী এ অভিযোগ করেছে। আমি তাকে আমার স্ত্রী বাসায় থাকা অবস্থায় আসতে বলেছি।’ এ ব্যাপারে উপাচার্য মুহম্মদ আবুল কাসেম বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।