শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা তাঁরই সহকর্মী একজন শিক্ষকের দ্বারা উত্ত্যক্তের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার অভাবে ওই শিক্ষিকা দুই মাস ধরে স্কুলে যাচ্ছেন না।

উত্ত্যক্তের শিকার ওই শিক্ষিকা গত ২০ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি রংপুর জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ উল্লেখ করে একটি আবেদনপত্র পাঠিয়েছেন। এর দুদিন পর ওই শিক্ষিকার বাবাও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

>শিক্ষকদের আবেদনে আরও অভিযোগ করা হয়, বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গেও প্রায়ই খারাপ আচরণ করেন ওই শিক্ষক

এবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন জ্যেষ্ঠ ও সহকারী শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগ গত ৩ অক্টোবর জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়। সেই আবেদনেও শিক্ষক এস এম শিহাবউল্যা নূরের অনৈতিক, অসংযত ও স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ করা হয়েছে।
শিক্ষকদের আবেদন থেকে জানা যায়, ঘটনার শিকার শিক্ষিকা ২০০৫ সাল থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন। উত্ত্যক্তের প্রতিবাদ করলে শিক্ষিকাকে চেয়ার তুলে মারতে উদ্যত হন শিহাবউল্যা নূর।
শিক্ষকদের আবেদনে আরও অভিযোগ করা হয়, বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গেও প্রায়ই খারাপ আচরণ করেন ওই শিক্ষক। ছাত্রীদের সঙ্গে এমন আচরণে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার উপক্রম হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ও অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা দীর্ঘদিন থেকে চলে আসছে। এ অবস্থায় আমি আমার সন্তানকে ওই স্কুলে পড়ানো বাদ দিয়ে অন্যত্র ভর্তি করিয়েছি।’
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এস এম শিহাবউল্যা নূর গতকাল প্রথম আলোকে বলেন, ‘অফিশিয়াল অনুমতি নিয়ে আমাকে কিছু বলতে হবে। এর মধ্যে এডিসি স্যার তদন্তে এসেছিলেন। কিন্তু আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।’
রংপুরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি তদন্ত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওই শিক্ষিকাকে স্কুলে আসার জন্য বলেছি। কিন্তু তিনি আসছেন না।’