শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে ওই শিশুটির বাবা রাতে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। আজ সোমবার ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা তারেক হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন তারেক ওই শিশুটিকে গ্রামের একটি অগভীর নলকূপের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি এ ঘটনা সন্ধ্যায় তার মাকে জানায়। পরে শিক্ষক ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। রাতে শিশুর বাবা বাদী হয়ে তারেক হাসানকে আসামি করে দুপচাঁচিয়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে আজ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।