শিক্ষকের বেতন-ভাতা আটকে রাখার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল আহবাব চৌধুরী দীর্ঘদিন ধরে জয়ন্ত মালাকার নামের ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের বেতন-ভাতা আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষক চরম অর্থকষ্টে পড়েছেন।
ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি জয়ন্ত যোগদান করেন।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন কুলাউড়ার সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম (বর্তমানে হবিগঞ্জের বানিয়াচংয়ের ইউএনও)।
ওই নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আবদুল আহাদ নামের এক প্রার্থী ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়ার সহকারী জজ আদালতে একটি মামলা করেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য আবদুল মনাফ ও জিয়াউল করিম চৌধুরী তাঁদের মতামত ছাড়া জয়ন্তকে নিয়োগ দেওয়া হয়েছে, এ অভিযোগে ২৯ মার্চ একই আদালতে আরেকটি মামলা করেন। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মেয়াদ সম্পন্ন হয়ে যায়।
গত ২৯ মে স্থানীয় বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি আবদুল আহবাব চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হন।
ওই মাসেই এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ প্রাপ্ত) হন জয়ন্ত। কিন্তু আবদুল আহবাব চৌধুরী তাঁর (জয়ন্ত) বেতন-ভাতার বিলে সই করতে অস্বীকৃতি জানান।
জয়ন্ত মালাকার জানান, তাঁর ছয় মাসের (মার্চ-আগস্ট) বেতন-ভাতা ব্যাংকে পড়ে আছে। অথচ সভাপতির সইয়ের অভাবে তা ওঠানো যাচ্ছে না।
এ অবস্থায় তিনি ধারদেনা করে দিন যাপন করছেন। বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, জয়ন্ত মালাকারের বেতন-ভাতা আটকে রাখার ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই।
জানতে চাইলে আবদুল আহবাব চৌধুরী বলেন, ‘তাঁর (জয়ন্ত) নিয়োগ বিতর্কিত। এটা নিয়ে কোর্টে মামলা আছে। সে কারণে বেতন-ভাতা স্থগিত রেখেছি। আদালতের রায় পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সদ্যবিদায়ী ইউএনও ও শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোহাম্মদ শামছুল ইসলাম বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি। আদালতের নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও সভাপতি কেন ওই শিক্ষকের বেতন-ভাতা আটকে রেখেছেন, তা আমার বোধগম্য হচ্ছে না। এটা দুঃখজনক।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উদ্দিন জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নীতিমালা অনুযায়ী, সুনির্দিষ্ট কোনো অপরাধ ব্যতীত কোনো শিক্ষকের বেতন-ভাতা আটকে রাখার নিয়ম নেই।