শিক্ষকের বেত্রাঘাত, হাসপাতালে পরীক্ষা দিল ইয়াছিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় ইয়াছিন। ছবি: প্রথম আলো
হাসপাতালের বিছানায় ইয়াছিন। ছবি: প্রথম আলো

সামনেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। স্কুলের সম্মানে শিক্ষার্থীদের ভালো ফল করতে হবে। তাই স্কুলে চলছে প্রতিদিনের ক্লাসের পাশাপাশি প্রস্তুতিমূলক ক্লাস। এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী মডেল টেস্ট পরীক্ষা। আজ শনিবার ছিল শেষ পরীক্ষা। বিষয় গণিত। 
গত বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়াজোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইয়াছিন গিয়েছিল প্রস্তুতিমূলক ক্লাসে। এ সময় একটি অঙ্কের সমাধান করতে না পারায় রেগে যান স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। বেত দিয়ে এলোপাতাড়ি পেটান ইয়াছিনকে। এর ফলে স্কুলের বদলে হাসপাতালের বিছানাতেই পরীক্ষায় বসতে হলো তাকে।

হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দিচ্ছে ইয়াসিন। পাশেই পরীক্ষার দায়িত্বপালনকারী শিক্ষক। চেয়ারে বসা সহকারী শিক্ষা কর্মকর্তা বশিরুল ইসলাম। ছবি: প্রথম আলো
হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দিচ্ছে ইয়াসিন। পাশেই পরীক্ষার দায়িত্বপালনকারী শিক্ষক। চেয়ারে বসা সহকারী শিক্ষা কর্মকর্তা বশিরুল ইসলাম। ছবি: প্রথম আলো

ইয়াছিনের বাবা ফারুক জমাদ্দার বলেন, গত বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতিমূলক ক্লাসে অঙ্ক করতে না পারায় প্রধান শিক্ষক ইয়াছিনকে অমানবিকভাবে বেত দিয়ে মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমে দাগ হয়ে যায়। বাড়ি ফেরার পর প্রচণ্ড ব্যথা ও জ্বর এলে ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ ছেলে হাসপাতালের বিছানাতেই বসে পরীক্ষা দিয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুফতি কামাল হোসেন বলেন, ‘শুক্রবার শিশু ইয়াছিনকে এখানে ভর্তি করা হয়। তার পিঠ, হাত, পাসহ বিভিন্ন স্থানে ১৫-১৬টি আঘাতের দাগ রয়েছে। বেতের আঘাতে তার শরীরের মাংস কেটে রক্ত জমাট বেধে দাগ পড়ে গেছে।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মজিবর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক এখন পালিয়ে আছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে আমি ঘটনাটি জানতে পেরে হাসপাতালের বিছানায় ছাত্রটির অঙ্ক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি। শনিবার সে হাসপাতালে পরীক্ষা দিয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।