শিক্ষকের বেত্রাঘাতে ছয় বছরের শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে প্রথম শ্রেণির ছাত্রী লিজা খাতুন (৬) আহত হয়েছে। গত সোমবার সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের আবদুল মালেকের ছোট মেয়ে লিজা। সে নানা মতিয়ার রহমানের বাড়িতে থেকে বিশ্বাসপাড়া বিদ্যালয়ে লেখাপড়া করছে। ঘটনার দিন শ্রেণিকক্ষের বাইরে যাওয়ায় সহকারী শিক্ষক ওয়াজেদ আলী বাঁশের কঞ্চি দিয়ে লিজাকে বেদম পেটান। এক পর্যায়ে কঞ্চির আঘাতে শিশুটির বাহু কেটে রক্তপাত শুরু হয়। লিজার চিৎকারে বিদ্যালয়সংলগ্ন তার নানাবাড়ি থেকে লোকজন ছুটে আসেন।
শিশুটির মামা রাকিবুল ইসলাম বলেন, লিজাকে পরে উপজেলার ধানগড়া বাজারের পল্লীচিকিৎসক মাহফুজুল হকের কাছে নেওয়া হয়। তার হাতের ক্ষতস্থানে তিনটি সেলাই দিতে হয়েছে।
শিশুটির মা মাহমুদা বেগম বলেন, ‘লেখাপড়া শিখতে গিয়ে যদি শিক্ষকদের এমন নির্মম নির্যাতনের মুখে পরতে হয় বাচ্চাদের, তাহলে ওরা শিখবে কেমনে?’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমীমুল ইহসান তৌহিদ বলেন, শিশুবয়সে এমন নির্মমতার শিকার হলে, পরবর্তী জীবনে তার প্রভাব থেকে যেতে পারে। চারপাশের সব মানুষকেই সে ওই নির্যাতনকারীর মতো নির্মম বলে ভেবে নিতে পারে।
শিশু লিজার আরেক মামা গোলাম কিবরিয়া গতকাল মঙ্গলবার তাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। ইউএনও ফিরোজ শাহ্ বলেন, তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান জানান, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও ছাত্রীটির পরিবার উপজেলায় গিয়ে অভিযোগ করেছে।
অভিযুক্ত শিক্ষক ওয়াজেদ আলী এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।