শিক্ষকের বেত্রাঘাতে, ছাত্রী হাসপাতালে
লালমনিরহাটের হাতিবান্ধার আলহাজ শমসের উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক খতিবর রহমান গত বৃহস্পতিবার ওই ছাত্রীকে বেত্রাঘাত করেন।
আহত ছাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নূরুজ্জামান ছাত্রীদের মাঠে খেলার প্রশিক্ষণ দিচ্ছিলেন। এ সময় খতিবর রহমান ওই ছাত্রীটিকে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে ডাক দেন। কিন্তু ক্রীড়া শিক্ষক পাঁচ মিনিটের মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে জানিয়ে তাসলিমাকে অপেক্ষা করতে বলেন। এতে তার শ্রেণিকক্ষে পৌঁছাতে দেরি হয়। এ অপরাধে খতিবর রহমান তাকে বেধড়ক বেত্রাঘাত করেন। এতে ছাত্রীটির শরীরে ক্ষতের সৃষ্টি হয় এবং একটি আঙুল ফেটে রক্তক্ষরণ হয়।
তাসলিমার বাবা আবদুস সালাম বলেন, ‘আমার মেয়ে কী এমন দোষ করেছে যে তাকে পিটিয়ে রক্ত বের করতে হবে। আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
খতিবর রহমান প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘খেলা নিয়ে একটু রাগারাগি করে শাস্তি দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে।’ হাসপাতালে ভর্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরাই চিকিৎসার জন্য নিয়ে গেছি। চিকিৎসার পর তার বাবাকে ডেকে বিষয়টি স্কুলের সভাপতি মীমাংসা করে দিয়েছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। পরে শুনেছি ওই ছাত্রী একটু বেয়াদবি করায় তাকে শাসন করা হয়েছে।’