শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসাছাত্র আহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে সাইফুল ইসলাম খালেদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। গত শনিবার রাতে সাইলো রোড এলাকার মহিউদ্দিন কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত সাইফুলের পরিবার সিদ্ধিরগঞ্জ বাজারের আমতলী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাইফুল ইসলাম খালেদ ঈদের ছুটির পরও মাদ্রাসায় ছয় দিন অনুপস্থিত ছিল। গত শনিবার সে মাদ্রাসায় যায়। তবে কাউকে কিছু না বলে বাসায় চলে আসে। পরে রাতে সে আবার মাদ্রাসায় গেলে শিক্ষক হাফেজ খাইরুল ইসলাম তার সারা শরীরে বেত্রাঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্বজনেরা সিদ্ধিরগঞ্জ বাজারের একটি ওষুধের দোকানে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে তাকে সুগন্ধা হাসপাতালে ভর্তি করা হয়।
মহিউদ্দিন কওমি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবুল হাসনাত বলেন, ‘ওই ঘটনায় শিক্ষক খাইরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। আমরা সুগন্ধা হাসপাতালে আহত ছাত্রের চিকিৎসা করিয়েছি।’