শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষে দুষ্টুমি করায় মাদারীপুরের কালকিনি উপজেলায় মুরাদ হোসেন (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় মুরাদকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার রমজানপুর মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
মুরাদের সহপাঠীরা জানায়, মুরাদ ক্লাস শুরু হওয়ার আগে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করে। পরে প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করলে বিষয়টি দেখতে পান। এ দুষ্টুমির অভিযোগে প্রধান শিক্ষক সাইদুর রহমান জোড়া বেত দিয়ে তাকে বেদম পেটান। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মুরাদকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মুরাদের পরিবারের পক্ষ থেকে কালকিনির ইউএনও (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
গতকাল বুধবার মুরাদের সহপাঠী রাজন, আরমান, জামিল, সিয়াম ও আয়শা বলে, ‘আমরা সবাই মিলে ক্লাসে দুষ্টুমি করছিলাম। হঠাৎ আমাদের ইংরেজি শিক্ষক আলামিন হাওলাদার মুরাদকে জামার কলার ধরে প্রধান শিক্ষকের রুমে নিয়ে যান। এরপর প্রধান শিক্ষক মুরাদকে তাঁর কক্ষে নিয়ে দরজা বন্ধ করে বেত দিয়ে পেটান। মুরাদ চিৎকার করলেও তাকে ছাড়েননি।’
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ওই ছাত্র হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছে। মুরাদকে বেত দিয়ে শিক্ষক আঘাত করল কেন? জানতে চাইলে মুরাদ বলে, ‘আমাদের স্যার খুব রাগী। কেউ কিছু বললেই রেগে যায়। আমি শুধু দুষ্টুমি করেছি বিধায় আমাকে বেত দিয়ে মেরেছে।’
মুরাদের মা রুমা বেগম বলেন, ‘আমার ছেলেকে পিটিয়ে আহত করেছে। এ বিষয় থানায় ও ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি। আমরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রমজানপুর মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বলেন, ‘মুরাদ ক্লাসে সব সময় খুব দুষ্টুমি ও মারামারি করে। মুরাদ গত মঙ্গলবার ক্লাসে মেয়েদের সঙ্গে দুষ্টামি করে এবং একটি মেয়েকে ক্লাসের মধ্যে আটকে রাখে। আমি আসলে মুরাদ ক্লাসের দরজা খুলে দেয়। এ ঘটনায় আমি তাকে (মুরাদ) বেত দিয়ে কয়েকটা বাড়ি দিয়েছি।’
ইউএনও (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’
উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টির জন্য অনুতপ্ত। এ ঘটনার দায় স্বীকার করেছেন ওই প্রধান শিক্ষক। ওই শিক্ষককের বিরুদ্ধে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’