বরগুনার আমতলী উপজেলায় ঘেরে গাছের পাতা ঝরে পড়া নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মুখমণ্ডল থেঁতলে ও কান কামড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বলইবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের পরিবারের অভিযোগ, শহরের বলইবুনিয়া নুরুল ইসলাম মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের বসতবাড়ির সীমানায় রোপণ করা কয়েকটি গাছ থেকে পাতা বাড়িসংলগ্ন কবির গাজীর মাছের ঘেরে ঝরে পড়া নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁর (শহীদুল ইসলাম) সঙ্গে ঘেরের শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘেরের শ্রমিক আবু হানিফ, সোহেল, মঞ্জু মিয়া, সোহাগ ও জুয়েল শিক্ষক শহীদুল ইসলামকে উপর্যুপরি কিলঘুষি মেরে মুখমণ্ডল থেঁতলে দেন এবং পরে তাঁর ডান কান কামড়ে বিচ্ছিন্ন করে দেন।
শহীদুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শ্রমিকেরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন শহীদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, শহীদুল ইসলামের মুখমণ্ডল থেঁতলে ও ডান কান কামড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
ঘেরমালিক কবির গাজী বলেন, ‘আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। তবে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার কাম্য নয়। এখন ওই শিক্ষকের চিকিৎসা চলছে। তিনি সুস্থ হয়ে ফিরে এলে আমরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করব।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’