শিক্ষকের যোগদানে আ.লীগের বাধা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক প্রধান শিক্ষককে বিদ্যালয়ে যোগদান করতে বাধা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁর যোগদান ঠেকাতে বকসির ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, উপজেলার ৫৯ নম্বর বকসির ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নব বেগম এক বছর আগে অবসরে যান। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক লতিফা বেগম দায়িত্ব পালন করেন। গত ৩১ মার্চ উপজেলার ৩ নম্বর দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগমকে বকসির ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি করা হয়।
শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল চারটার দিকে শামসুন্নাহার বেগম ঘটিচোরা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে যান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদসহ সরকারদলীয় লোকজন তাঁকে বাধা দেন। তাঁরা বিদ্যালয়ের দপ্তর কক্ষে তালা ঝুলিয়ে দেন।
গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যালয় কার্যালয় তালাবদ্ধ ছিল।
রফিউদ্দিন আহমেদ বলেন, ‘শামসুন্নাহার আওয়ামী লীগের বিরোধীপক্ষের সমর্থক। তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কথা বলায় তাঁর যোগদানে বিরোধিতা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাঁর বদলির আদেশ বাতিলের জন্য আমি চিঠি দিয়েছি। এর পরও তিনি ওই বিদ্যালয়ে যোগদান করতে গেলে আমরা বিরোধিতা করি।’