শিক্ষকের শাস্তি দাবি ছাত্রলীগের, প্রতিকারের আবেদন শিক্ষকের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অন্যদিকে, এ অভিযোগকে বানোয়াট উল্লেখ করে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাছে লিখিত আবেদন জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক।
অভিযুক্ত এ টি এম রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষক। লিখিত আবেদনে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এক ছাত্রী শ্লীলতাহানির অনৈতিক অভিযোগ করে, যা অত্যন্ত কুরুচিপূর্ণ, অসৌজন্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার বিরুদ্ধে আনা মিথ্যা ও মানহানিকর অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিকার চাইছি।’ তিনি আরও বলেন, গত ২৩ নভেম্বর ওই ছাত্রী সাংগঠনিক পরিচয় দিয়ে অবৈধভাবে হলের সিট দাবি করেন। তাঁর এ আবেদনে হল কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে ওই ছাত্রী বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে অনৈতিক ও মানহানিকর বক্তব্য প্রদান করতে থাকেন।
এর আগে গত রোববার ভাষা বিভাগের ওই ছাত্রী শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলামের শাস্তির দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহসভাপতি আতিকুর রহমান, মেহেদী হাসান রাসেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ওই শিক্ষকের পদত্যাগ ও উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।