চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সহসভাপতির বিরুদ্ধে শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।
বিষয়টি মৌখিকভাবে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই শিক্ষক।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, প্রশাসনিক ভবনের পারিতোষিক শাখায় গিয়ে এক অফিস সহকারীর সঙ্গে শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত বিল নিয়ে তিনি কথা বলছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সহসভাপতি মোহাম্মদ ওমর তাঁকে এই কাজটি না করে অন্য কাজ করতে বলেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এরপর ওমর আরও উচ্ছৃঙ্খলতা দেখাতে থাকেন।
আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমন আচরণের বিষয়টি উপাচার্যকে জানানো হবে বললে উল্টো সে হুমকি দেয়, তাঁর কিছুই করা যাবে না।’
শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ওমর প্রথম আলোকে বলেন, ‘গায়ে হাত তুলিনি। তাঁর সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়েছে।’ এই কথা বলার পরপরই ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমিতির সভাপতি এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। এটি খুবই গর্হিত কাজ। তদন্ত সাপেক্ষে ওই কর্মচারীর সর্বোচ্চ শাস্তি চাই। শিক্ষক সমিতি শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেবে।’