জাতীয় শোক দিবসের খাবার বিতরণের সময় শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তানভীর নেওয়াজ। তিনি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে জাতীয় শোক দিবসের খাবার বিতরণের সময় কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করায় তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী তানভীর নেওয়াজকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্র হলের প্রভোস্ট মোহাম্মদ ইউছুফ মিঞাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান জয়ন্ত কুমার বসাক ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক মো. রুবেল মিয়া।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের হল প্রভোস্টের কার্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের সময় তানভীর নেওয়াজ একাধিক খাবারের প্যাকেট দাবি করেন। এ সময় বিতরণের দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়।
ছাত্র হলের প্রভোস্ট মোহাম্মদ ইউছুফ মিঞা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুপুরে শোক দিবসের খাবার বিতরণের সময় এক শিক্ষকের সঙ্গে ওই ছাত্রের আচরণ আমাদের কাছে ভালো লাগেনি। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার পর তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
শিক্ষার্থী বহিষ্কারের খবর জানাজানি হওয়ার পর হলে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে সূত্র জানায়।