শিক্ষকের যৌন হয়রানি থেকে রেহাই পেতে ভোলা সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজের ছাত্রীরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। এ ঘটনায় তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
কলেজের অন্তত ৫০ জন ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের এক শিক্ষক ছয় মাস ধরে ছাত্রীদের যৌন হয়রানি করছেন। এর প্রতিবাদ করলে তিনি ছাত্রীদের পরীক্ষায় ফেল করানোর হুমকিও দেন। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা অধ্যক্ষের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দেন। কিন্তু অধ্যক্ষ কোনো ব্যবস্থা নেননি। গতকাল সকাল ১০টায় সাধারণ ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিচার চাইলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ওই শিক্ষককে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ কলেজের কয়েক শ ছাত্রী ভোলা শহরের রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। বেলা তিনটার দিকে নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে তাঁরা স্মারকলিপি দেন। এ সময় ছাত্রীরা তাঁদের দাবি না মানা পর্যন্ত লাগাতার ক্লাস বর্জন ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। অভিযুক্ত শিক্ষককে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে পাঠাব।’
অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।