শিক্ষকের হাত-পা কুপিয়ে বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এক মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে তাঁর হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকালে আমতলী-পটুয়াখালী সড়কের তালুকদারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শহিদুল ইসলাম (৪৫) নামের ওই শিক্ষককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদুল ইসলাম আমতলী উপজেলার গাজীপুর বন্দর মাদ্রাসার জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। ঘটনার পর এলাকার লোকজন পাঁচ যুবককে ধরে আমতলী থানায় সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী ও শহিদুলের পারিবারিক সূত্র জানায়, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে তাঁর বাবার চাচাতো ভাই আনোয়ার হোসেনের ৩৪ একর জমি নিয়ে ১০ বছর ধরে বিরোধ চলছে। গতকাল সকালে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য শহিদুল ও তাঁর চাচাতো ভাই মনির হোসেন গাজীপুর বন্দর থেকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে আমতলী যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে বাঁশতলা এলাকায় রাস্তার ওপর আড়াআড়ি করে ট্রাক রেখে মোটরসাইকেলটির গতিরোধ করে সন্ত্রাসীরা। পরে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী শহিদুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাঁ হাত ও পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর ডান হাত ও পা গুরুতর জখম করে। এ সময় মনির হোসেন দৌড়ে পালিয়ে রক্ষা পান। ঘটনার পর সন্ত্রাসীরা শহিদুলকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী ধাওয়া করে বাঁশতলা এলাকায় আনোয়ার হোসেনের ছেলে বাহাদুর (৩০) ও ইয়াকুব (৩৩) এবং তাঁদের সহযোগী সাইদুলকে (১৯) ধরে ফেলেন। পরে তিনজনকে আমতলী থানায় সোপর্দ করা হয়। পুলিশ শহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা শহিদুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে বরিশালে নেওয়ার পথে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে শহিদুলকে বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁকে (শহিদুল) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন সেখান থেকে মাহাতাব (৩০) ও কাওসার (৩১) নামের আরও দুজনকে ধরে আমতলী থানায় সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শী ও শহিদুলের চাচাতো ভাই মনির হোসেন বলেন, ‘রাস্তায় ট্রাক ফেলে আমাদের বহনকারী মোটরসাইকেলটি থামানোর পর ২০ থেকে ২৫ জন শহিদুলকে ধরে টানাটানি শুরু করে। এরপর টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে তাঁর হাত-পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি হতভম্ব হয়ে যাই। আতঙ্কে দৌড়ে নিজেকে রক্ষা করি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, এ ঘটনায় আনোয়ার হোসেনসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন মনির হোসেন। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।