ঝালকাঠিতে সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছোট বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। এ ছাড়া পিটিয়ে একজন শিক্ষকের হাত ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে গত সোমবার রাতে তাঁদের ওপর দুই দফায় এ হামলা চালানো হয়।
শহরের কীর্ত্তিপাশা মোড়-সংলগ্ন পুরাতন পুলিশ বক্স ও কীর্ত্তিপাশা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ও দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পছন্দের প্রার্থীকে তাঁরা সমর্থন করেননি। এর জেরে চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান হোসেন খান উপস্থিত থেকে এবং তাঁর নির্দেশে এ হামলা চালানো হয়।
আহত ব্যক্তিরা হলেন গোবিন্দধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ মিয়া, কীর্ত্তিপাশা বাজারের তেল ব্যবসায়ী উত্তম দাস, তাঁর বোন রিনা দাস ও ছোট ভাইয়ের স্ত্রী অঞ্জনা দাস। লতিফ মিয়া ও উত্তম দাস বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রিনা দাস ও অঞ্জনা দাস ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সবার বাড়ি কীর্ত্তিপাশা বাজারে।
আ. লতিফ প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে সুলতান হোসেন কথা বলার জন্য আমাকে মুঠোফোনে ফায়ার সার্ভিস মোড়ে আসতে বলেন। সেখানে যাওয়া মাত্রই তাঁর নির্দেশে তাঁর লোকজন আমাকে ধরে টেনেহিঁচড়ে চেয়ারম্যানের উপজেলা পরিষদের গাড়িতে তোলেন। গাড়িতে বসিয়ে চেয়ারম্যান তাঁর পিস্তল দিয়ে আমার মাথায় আঘাত করেন। তাঁর লোকজন আমাকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে কীর্ত্তিপাশা মোড়-সংলগ্ন পুরাতন পুলিশ বক্সের কাছে মাঠের মধ্যে নিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়ে আমার হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কীর্ত্তিপাশা বাজারে নিয়ে যাওয়া হয়। পরে ব্যবসায়ী উত্তম দাসকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আনুমানিক রাত ১০টার দিকে আমাদের দুজনকে সেখান থেকে গাড়িতে সদর থানায় নিয়ে আসে। সুলতান খানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে থানার ওসিকে আমাদের আটক করতে বলেন। আমাদের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।’
উত্তম দাস বলেন, ‘আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলাম। সোমবার রাত নয়টার দিকে সুলতান হোসেনের নেতৃত্বে তাঁর লোকজন অতর্কিতে হামলা চালায়। কীর্ত্তিপাশার ইউপির চেয়ারম্যান শুক্কুর মোল্লার ছেলে রেভেন, উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী বাশার, কীর্ত্তিপাশা বাজারের বাবলু আমাকে কুপিয়ে জখম করেন। আমার বোন ছোট ও ভাইয়ের স্ত্রী বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়।’
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক এস এম হাসান মাহমুদ বলেন, উত্তমের গলায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর গায়ে জখম আছে। শিক্ষক লতিফ মিয়ার ডান হাত ভাঙা ও পায়ের হাড়ে ফাটল আছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
তবে সুলতান হোসেন খান বলেন, ‘আ. লতিফ ও উত্তম দাস কীর্ত্তিপাশা বাজারে এক চায়ের দোকানে আমাকে হত্যার ষড়যন্ত্র করেন। তাঁদের কথোপকথনের রেকর্ড আমার কাছে আছে। এই ঘটনা শুনে আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা সামান্য মারধর করেছেন। এ ঘটনায় আমার কোনো হাত নেই।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, ‘গতকাল রাতে চেয়ারম্যান আহত দুজনকে আমাদের কাছে সোপর্দ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় আমরা তাঁদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠাই। কোনো পক্ষই আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি।’