সিরাজগঞ্জে যমুনার ভাঙনকবলিত চর অধ্যুষিত চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অরাজকতা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকেরা অনুপস্থিত থাকার পাশাপাশি ইচ্ছামতো যাওয়া-আসা করেন। নিজে অনুপস্থিত থেকে বদলি শিক্ষক দিয়ে ক্লাস নিয়ে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।
উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা কার্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ থেকে জানা গেছে, চৌহালীর সাত ইউনিয়নই যমুনা নদীর ভাঙনকবলিত। এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ১২৭টি। শিক্ষার্থী রয়েছে প্রায় ১৫ হাজার। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা ঠিকমতো তদারকির দায়িত্ব পালন করেন না। এর সুযোগ নেন শিক্ষকেরা। তাঁরাও বিদ্যালয়ে নিয়মিত নন। অনেকেই মাসে সাকল্যে এক থেকে দুবার গিয়ে পুরো মাসের বেতন তুলে নিচ্ছেন। নিয়মিতই এ কাজটি করছেন তাঁরা। অনেকেই স্থানীয়ভাবে প্যারা বা বদলি শিক্ষক দিয়ে ক্লাস করাচ্ছেন। এতে শিক্ষার্থীরা তাদের সঠিক শিক্ষাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি চর এলাকার কয়েকটি বিদ্যালয় ঘুরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হয়। বাগুটিয়া গ্রামের শহিদুল ইসলাম, ঘোরজান গ্রামের ইব্রাহীম হোসেনসহ বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, শিক্ষকেরা কখন আসবেন আর কখন যাবেন, সেটা তাঁদের মর্জি। কোনো দিন দুই ক্লাস আবার কোনো দিন তিনটা ক্লাস হয়। কোনো বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলে তাঁরা ভাগ করে নেন কবে কোন শিক্ষক আসবেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায় আর আসে, লেখাপড়ার নামে ঠনঠন। এ অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান এসব অভিভাবক। তাঁরা আরও বলেন, ‘যদি শিক্ষা কর্মকর্তারা নিয়মিত তদারক করতেন, তাহলে এমন হতো না। চরের মানুষ বলে আমাদের সন্তানেরা কেন শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে?’
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে, গত ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হলেও কোনো বইয়ের পড়াই শেষ হয়নি। যেভাবে পেরেছে, নিজেরা পড়ে পরীক্ষা দিয়েছে। শিক্ষকেরা পালা করে বিদ্যালয়ে আসেন। কোনো কোনো দিন কোনো শ্রেণিকক্ষে গিয়ে বলেন, ‘আজ ছুটি।’
৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী উপজেলার কে কে পশ্চিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি ওই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, পারভীন আক্তার ও রিয়াজ উদ্দিন—এই চারজনকে কর্মস্থলে অনুপস্থিত পান। এ বিষয়ে ওই চার শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
বেশ কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলাটি দুর্গম অঞ্চলে অবস্থিত। বর্ষাকালে এখানে যাতায়াতের একমাত্র উপায় নৌকা। অন্য সময় অবশ্য হেঁটে যাওয়া যায়। আর কোনো বাহন চলে না ওই এলাকায়। তাই প্যারা বা বদলি শিক্ষক দিয়ে ক্লাস করানো হয়ে থাকে। অথবা অনেক শিক্ষকই পালা করে পাঠদান করিয়ে থাকেন। যোগাযোগব্যবস্থা ভালো হলে এ সমস্যা হতো না।
এ ব্যাপারে চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ‘আগের চেয়ে এখন তদারকি বেড়েছে। তবে কিছু কিছু বিদ্যালয়ে যাতায়াত সমস্যার কারণে শিক্ষকেরা মাঝেমধ্যে সুযোগ নেওয়ার চেষ্টা করেন বলে আমাদের কাছেও অভিযোগ আছে। তাঁদের সঠিকভাবে পাঠদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সমস্যা থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজাউল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চার শিক্ষকের বেতন কাটাসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে কোনো আপস করা হবে না।