ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোনো নিয়োগ পরীক্ষা ছাড়াই ওই বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক ও একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষক (কৃষি ও কম্পিউটার) ও একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য গত ২০ এপ্রিল জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৩ মে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ মে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে কম্পিউটার বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যোগ্য প্রার্থী না পাওয়ায় একই সভায় অপর দুই পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়। ২৮ মে কৃষিশিক্ষা ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য দ্বিতীয়বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দুটি পদের জন্যই কয়েকটি আবেদন পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদপ্রার্থী শামীমুল হাসান (২৩) ১৬ জুন নিয়োগ পরীক্ষার তারিখ জানতে গিয়ে দেখেন ওই সব পদে লোক নিয়োগ হয়ে গেছে। তাঁরা ১৫ জুন থেকে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। ১৭ জুন তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
শামীমুল হাসান বলেন, ‘আমি এক হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদন করেছি। এখন প্রধান শিক্ষক কোনো প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়াই পূর্ববর্তী নিয়োগ পরীক্ষায় অযোগ্য হওয়া প্রার্থীদের নিয়োগ দিয়েছেন। তিনি ঘুষ নিয়েই এ কাজ করেছেন। আমি এর প্রতিকার চাই।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হোসেন আলী বলেন, ‘প্রধান শিক্ষক তাঁর ইচ্ছামতে বিদ্যালয় চালাচ্ছেন। আমাদের মতামতকে তিনি তোয়াক্কা করছেন না। দুজনের নিয়োগ নিয়ে বিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।’
যথাযথ নিয়ম মেনে নিয়োগ-প্রক্রিয়া হয়নি—এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম মুঠোফোনে বলেন, ‘এই কথা আপনি বললে তো আর হবে না।’ নিয়োগ-প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রতন বক্স বলেন, পরিচালনা পর্ষদের সদস্যরা পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদের যোগ্য মনে করেননি। তাই তাঁদের সিদ্ধান্তে দ্বিতীয়বার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন শুধু কর্মচারী পদে একটি আবেদন পড়েছে। বিষয়টি ডিজিকে জানানো হলে তিনি প্রথমবার বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ দিতে নির্দেশ দেন। পরিচালনা পর্ষদও এতে সম্মতি জানায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, যে প্রক্রিয়ায় দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিষয়টি তদন্ত করার জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।