শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারূপাড়া উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও অফিস সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি টাকা নিয়ে প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে একজন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই বিদ্যালয়ের জন্য একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার শিক্ষক, একজন ইসলাম ধর্ম ও একজন হিন্দুধর্মের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে সহকারী পদে সাতজন, ইসলাম ধর্মের শিক্ষক পদে ১২ জন ও হিন্দুধর্মের শিক্ষক পদে তিনজন প্রার্থী আবেদন করেন। কিন্তু নিয়োগ নিয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুণ-অর-রশীদের সঙ্গে দ্বন্দ্বের কারণে গত ৩০ জুলাই প্রধান শিক্ষক হাসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ৭ ডিসেম্বর তাঁর বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়। এর মধ্যে ৪ ডিসেম্বর প্রধান শিক্ষকের স্বাক্ষরে ১১ ডিসেম্বর নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের চিঠি দেওয়া হয়। কিন্তু পরে মৌখিকভাবে ৮ জানুয়ারি পরীক্ষা হবে বলে জানানো হয়।
চাকরিপ্রত্যাশী খোরশেদ আলম বলেন, ৮ জানুয়ারি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির কার্যালয়ে তাঁরা নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসেন। তখন তাঁদের স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু ৭ জানুয়ারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুস সালাম নিয়োগকে কেন্দ্র করে সাড়ে ১৭ লাখ টাকার অবৈধ লেনদেন ও দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওই দিন নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।
পরে প্রার্থীদের উপস্থিতির স্বাক্ষরের কাগজ দেখিয়ে নিয়োগ পরীক্ষা হয়েছে বলে দাবি করে সভাপতি হারুণ-অর-রশীদ তাঁর পছন্দের তিন প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। এই অবৈধ নিয়োগ বন্ধের দাবিতে তিনি (খোরশেদ) গত ১৭ জানুয়ারি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। হারুণ-অর রশীদ বলেন, ‘নিয়োগে কোনো অনিয়ম হয়নি। সকালে পরীক্ষা স্থগিত করার পর বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কাজী মোতাহার হোসেন বলেন, এই নিয়োগকে কেন্দ্র করে সাড়ে ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণার পর নিয়োগপ্রত্যাশী একজনের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সভাপতি হারুণ-অর-রশীদ একজন সহকারী শিক্ষকের মাধ্যমে ছয় লাখ টাকার চেক ফেরত দিয়েছেন।
ইউএনও মো. আবু সাঈদ মোল্লা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ বন্ধ থাকার কথা। তিনি ছুটিতে আছেন, তাই পরের লিখিত অভিযোগটি তিনি দেখেননি।