শিক্ষা কর্মকর্তাকে অবশেষে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পর এবার সহকারী শিক্ষা কর্মকর্তা ওলিউল আলমকেও বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অনিয়ম করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী ও আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগ করেছেন।
রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম জানান, ওলিউল আলমকে গত বুধবার নওগাঁর পোরশায় বদলি করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের মে মাসে ৩৭টি আনন্দ স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ৮৬টিতে নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ নিয়োগ কমিটির সভাপতি হওয়ার কথা, তার পরও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওলিউল আলমকেই সভাপতি করেন ইউএনও। এ সময় প্রায় ২০ লাখ টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠে।
এ নিয়ে ১২ জুলাই প্রথম আলোয় ‘বিজ্ঞপ্তি ৩৭ পদের, লোক নেওয়া হলো ৮৬’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরেই সংশ্লিষ্ট বিভাগ তদন্ত শুরু করে। এ ছাড়া আলোচিত ১২টি দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগের অনিয়মের সঙ্গে ওলিউল আলমের জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁকে প্রতিটি নিয়োগ কমিটির সদস্য মনোনীত করেন সদ্য বদলি হওয়া ইউএনও সাদেকুল ইসলাম। এসব অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলাও হয়েছে।