শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার বিকেলে তাঁকে রাজশাহী থেকে বরিশাল জেলায় সংযুক্ত করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আবুল কাশেমও এর সত্যতা নিশ্চিত করেছেন।
অভিভাবকদের কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন ‘রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর জুলাইয়ে রাজশাহীতে এসে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম তদন্ত করেন। তিনি ১৭ জুলাই মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিন কর্মকর্তা ও কর্মচারীর নামে বিভাগীয় মামলা হয়েছে। এ নিয়ে রাজশাহীতে ইতিমধ্যে আন্দোলন গড়ে উঠেছে। সুশিক্ষা আন্দোলন মঞ্চের ব্যানারে অভিভাবকেরা ফলাফল সংশোধন এবং জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সুশিক্ষা আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, শুধু একজন কর্মকর্তাকে প্রত্যাহার করে রাজশাহীকে শান্ত করা যাবে না। অবিলম্বে ২২৯ জন শিক্ষার্থীর সংশোধিত ফলাফল প্রকাশ করতে হবে। তিনি বলেন, নম্বর ফর্দ এবং সমাপনী পরীক্ষার গোপনীয় কাগজপত্র ও কম্পিউটার থানা শিক্ষা কর্মকর্তা রাখি চক্রবর্তীর নিয়ন্ত্রণে রাখা ছিল। নম্বর টেম্পারিংয়ের কাজটি তৃতীয় কারও পক্ষে করা সম্ভব ছিল না। সুতরাং রাখি চক্রবর্তীসহ এ ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তি নিশ্চিত করতে হবে।