চাঁদপুরের হাজীগঞ্জে নীতিমালা লঙ্ঘন করে কনিষ্ঠ দুই শিক্ষককে বদলি করায় বদলিপ্রার্থী জ্যেষ্ঠ এক শিক্ষকের স্বামী শিক্ষা কর্মকর্তাকে (টিইও) প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টিইও আবদুল আওয়াল গত বুধবার ওই শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শূন্যপদে বদলির জন্য বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস এবং আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন আক্তার ও শাহিন আক্তার আবেদন করেন। যোগদানের তারিখ অনুযায়ী তাঁদের মধ্যে জান্নাতুল ফেরদাউস জ্যেষ্ঠ। ফেব্রুয়ারির শুরুর দিকে তাঁরা বদলির আবেদন করেন।
কিন্তু টিইও নীতিমালা লঙ্ঘন করে জান্নাতুলকে বাদ দিয়ে কনিষ্ঠ দুজনের বদলির জন্য জেলা শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কাছে সুপারিশ করেন। এ খবরে জান্নাতুলের স্বামী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ডিপিইওর কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ডিপিইও আকতার হোসেন টিইওকে কারণ দর্শানোর এবং নতুন করে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। এর পরও ৩০ মার্চ ওই দুই শিক্ষককে বদলি করা হয়।
নীতিমালা লঙ্ঘনের বিষয়ে টিইও বলেন, ‘কনিষ্ঠ দুই শিক্ষকের আবেদনে ওপর মহলের সুপারিশ থাকায় আমার কোনো উপায় ছিল না।’ হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেড় মাস ধরে হুমায়ুন কবির আমাকে বিরক্ত করছেন। বুধবার তিনি আমাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। তাই আইনি সহায়তা নিয়েছি।’
জান্নাতুল ফেরদাউস বুধবার বিকেলে বলেন, ‘টিইও স্যার নীতিমালা না মেনে আমাকে বাদ দিয়ে কনিষ্ঠদের বদলি করেছেন। এখন আমার স্বামীকে মিথ্যা অভিযোগে হয়রানি করাচ্ছেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।