শিক্ষা কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর বালিকা উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমানকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমদাদুল হককে গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে।
মারধরের ঘটনায় শিক্ষা কর্মকর্তা সোমবার রাতে থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়, ইমদাদুল হক সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান। তিনি জিল্লুরের কাছে জানতে চান, তাঁর বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ অস্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন কেন? একপর্যায়ে জিল্লুরকে তিনি গালাগাল করেন এবং কিল-ঘুষি ও লাথি মারেন।
শিক্ষা কর্মকর্তা জানান, মারধরের শব্দে পাশের কক্ষ থেকে অফিস সহকারীরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) জানিয়েছেন।
আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়ের করা মামলায় গতকাল সকালে ইমদাদুল হককে পৌর সদরের হাস্তাবসন্তপুরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইমদাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সম্প্রতি বালিকা উচ্চবিদ্যালয়ে কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন জিল্লুর রহমান। তিনি শিক্ষক নিয়োগ বাবদ মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। আমরা সম্মানী হিসেবে তাঁকে ১০ হাজার টাকা দিয়েছিলাম। এতে অসন্তুষ্ট হয়ে ওই কর্মকর্তা নিয়োগ অস্বচ্ছ হয়েছে বলে কয়েকজন শিক্ষকের কাছে মন্তব্য করেন। এ বিষয়ে সোমবার দুপুরে তাঁর কাছে জানতে গেলে তিনি আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। আমি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করব।’