শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী, শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
তবে পারমিস সুলতানা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে জানান অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় হাতে গোনা কয়েকজন শিক্ষক ভাড়া করা লোক দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
প্রত্যক্ষদর্শী এবং বিক্ষুব্ধ ব্যক্তিদের সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবিতে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে আবার উপজেলা চত্বরে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এসব কর্মসূচিতে দু-একজন শিক্ষক ও কর্মচারী ছিলেন।
পরে ভুক্তভোগীদের পক্ষে আজহারুল ইসলাম, আলীমুল আওয়াল, জিয়াউর রহমান ও বিল্লাল হোসেনের স্বাক্ষরযুক্ত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়।
ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন পারমিস সুলতানা। তাঁর অত্যাচারে শিক্ষক ও কর্মচারীরা অতিষ্ঠ।
এ ব্যাপারে পারমিস সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষককে অনিয়মের মাধ্যমে এমপিওভুক্ত করা হয়েছে। বিষয়টি জানার পর এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষক ও তাঁদের ভাড়াটে লোকজন মিছিল করেছেন।
ইউএনও এ কে এম গালিভ খান বলেন, বিক্ষোভকারীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।