বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নিম্নমানের শিক্ষা উপকরণ কিনে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা এ অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আসে। এ বরাদ্দ থেকে প্রত্যেক বিদ্যালয়ের জন্য ১২ ধরনের শিক্ষা উপকরণ কেনেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন। এসব উপকরণের বাজারমূল্য ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা। কিন্তু এসব উপকরণের জন্য ৪ হাজার ৭০০ টাকার ভাউচার করতে হচ্ছে প্রধান শিক্ষকদের। এতে অন্তত দুই লাখ টাকা যাবে ওই কর্মকর্তার পকেটে।
১০-১২ জন প্রধান শিক্ষক অভিযোগ করেন, এবার প্রত্যেক বিদ্যালয়ের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ আসে। এর মধ্যে ভ্যাট বাদ দিয়ে ৪ হাজার ৭৫০ টাকার উপকরণ কিনতে হবে। কিন্তু ওই কর্মকর্তা তাঁর অনুসারী আটজন শিক্ষককে নিয়ে নামমাত্র একটি কমিটি গঠন করেন। তিনি ক্রয় কমিটির দু-একজন শিক্ষককে নিয়ে নিজেই নিম্নমানের উপকরণ কিনে গত সোমবার বিদ্যালয়ে পাঠিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতজন প্রধান শিক্ষক বলেন, শিক্ষা কর্মকর্তা বরাদ্দ থেকে এক হাজার টাকা করে প্রধান শিক্ষকদের কাছে রাখতে বলেন। বাকি টাকা উপকরণ কেনা বাবদ নিজের অফিসে রেখে দেন। দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাব ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপকরণ পাঠিয়ে দিয়েছেন। উপকরণগুলো কম দামের ও নিম্নমানের। এসব উপকরণের দাম খুব বেশি হলে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা হবে। তাঁর পাঠানো উপকরণের বাক্স খুলে তা নিম্নমানের দেখে তা রেখে দেওয়া হয়েছে।
এ বিষয়ে এম জি এম সারোয়ার হোসেন বলেন, মাসিক সমন্বয় সভায় প্রধান শিক্ষকদের মতামত নিয়ে একটি কমিটি করে এসব উপকরণ কেনা হয়েছে। নিম্নমানের উপকরণ কেনার অভিযোগ থাকলে তা পরিবর্তন করার সুযোগ আছে। প্রধান শিক্ষককে টাকা না দিয়ে তাঁর মাধ্যমে উপকরণ কেনার বিষয়ে তিনি বলেন, উপকরণ কেনা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্রয় কমিটির সদস্য মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মুঠোফোনে বলেন, ‘আমি সরকারি চাকরি করি, ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী মুঠোফোনে বলেন, ‘নিয়ম মোতাবেক উপকরণ কেনার টাকা নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যাংক হিসাবে জমা হওয়ার কথা। প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে উপকরণ কিনবেন। শিক্ষা কর্মকর্তা উপকরণ কিনেছেন—এমন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।