শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে ঘুষ দাবি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে দেওয়ার জন্য ৪০ হাজার টাকা জহুরুলের কাছে জমার নির্দেশ দিয়ে তাঁর (জহুরুল) স্বাক্ষরিত একটি চিঠি ডাকযোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। টাকা না দিলে প্রতিষ্ঠানের বেতন-বিল বন্ধসহ শিক্ষক-কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জহুরুল ইসলাম প্রথম আলোকে জানান, সম্প্রতি তিনি বেশ কয়েকজন জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে কঠোর ব্যবস্থা নেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে (জহুরুল) বিব্রত করতে স্বাক্ষর জাল করে এ ধরনের উড়ো চিঠি দিয়েছে।