শিক্ষা ভবনে ছাত্রলীগ যুবলীগের মামামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শিক্ষা ভবনে গতকাল বুধবার ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের হাতে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন। এতে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো গতকালও যুবলীগ নেতা শফিকুল ইসলাম-সমর্থিত হিসেবে পরিচিত একদল কর্মী-ক্যাডার শিক্ষা ভবন চত্বরে মহড়া দেয়। পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান-সমর্থিত আরেক দলও ভবনে প্রবেশ করে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় মিজানুর রহমানসহ কয়েকজন আহত হন। পরে আহত মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তবে শফিকুল ইসলামের অনুসারী হিসেবে পরিচয় দেওয়া এক সাবেক ছাত্রলীগ নেতা প্রথম আলোকে বলেন, প্রথমে মিজানুরের কর্মীরা তাঁদের একজনকে চাপাতি দিয়ে কুপিয়েছে। পরে তাদের কর্মীরা মিজানুরকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্যরা থাকলেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেননি।
শফিকুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি গত এক মাসেও শিক্ষা ভবনে যাননি। মিজানুরই একাধিক উপদল করে মারামারি করেছেন।
তবে মিজানুর রহমান দাবি করেন, গতকাল ভবনে একপর্যায়ে ‘হুড়াহুড়ি’ শুরু হলে তিনি এগিয়ে যান ঘটনা জানার জন্য, তখন শফিকুল ইসলামের লোকজন তাঁর ওপর অকর্তিতে হামলা চালায়।
রাতে মিজানুর শাহবাগ থানায় মামলা করতে যান। তিনি বলেন, শফিকুল ইসলামও থানায় উপস্থিত হয়ে প্রভাবিত করছেন।
রাত সাড়ে আটটার দিকে শাহবাগ থানার দায়িত্বরত পুলিশ টেলিফোনে প্রথম আলোকে জানান, এখনো মামলা হয়নি। দুই দলই ঘোরাঘুরি করছে।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিক্ষা ভবনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের জানান, এই ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অবস্থিত। তাই এখান থেকেই বিভিন্ন কাজের দরপত্র নিয়ন্ত্রণ হয়। আর ছাত্রলীগ ও যুবলীগের কয়েকটি উপদল এসব কাজ পাওয়ার জন্য নিয়মিত মহড়া দেয়। মিজানুর রহমান একসময় শফিকুল ইসলামের সঙ্গে থাকলেও পড়ে ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে আলাদা হয়ে যান।
শিক্ষা ভবনের কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘টেন্ডারবাজি’ করতে গিয়ে ২০০০ সালে এই শিক্ষা ভবনের সামনে ব্যাপক মারধরের শিকার হয়েছিল তখনকার ছাত্রলীগ ও বর্তমানে যুবলীগ নেতা শফিকুল ইসলামসহ কয়েকজন।