শিক্ষা সমাপনী উৎসবে ছাত্রলীগ কর্মীদের হামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রোববার ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদককে মারধরও করেন ওই কর্মীরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষা সমাপনী উপলক্ষে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টের আয়োজন করেন ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা। কনসার্ট চলাকালে রাত সাড়ে নয়টার দিকে ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্থানে ঢুকে ৪৩তম ব্যাচের মীর মশাররফ হোসেন হলের দুজন ছাত্র অশোভন আচরণ করেন। এ সময় আয়োজকেরা তাঁদের চড়-থাপড় দিয়ে সেখান থেকে বের করে দেন। এর জের ধরে রাত ১০টার দিকে ফার্মেসি বিভাগের মাহমুদুল হাসান ওরফে অনিক, ইতিহাস বিভাগের বাঁধন বসাক ও আব্দুল্লাহ আল নোমান, পরিসংখ্যান বিভাগের ইকরাম নাহিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পার্থ সারথি, দর্শন বিভাগের সৈয়দ লায়েব, লোকপ্রশাসন বিভাগের রাফিসহ প্রায় ২০-২৫ জন ছাত্রলীগের কর্মী আয়োজকদের ওপর হামলা চালান। বাধা দিলে তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আলীকে মারধর করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা এক বহিরাগত দর্শকের মোটরসাইকেল ও কয়েকটি অস্থায়ী দোকান ভাঙচুর করেন। রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের এসব কর্মী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক ও মীর মশাররফ হোসেন হলের ছাত্র সানোয়ার হোসেনের কক্ষ ভাঙচুর করেন।
মোসাদ্দেক বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙচুর বিষয়ে বাঁধন বলেন, ‘আমরা অনেকেই ছিলাম। কে কী করেছে রাতের বেলায় আমরাও ঠিক বুঝতে পারিনি। তবে রাফি বলেন, তিনি উপস্থিত থাকলেও কিছু করেননি।
যোগাযোগের চেষ্টা করেও মাহমুদুল হাসান ও পার্থ সারথির মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ইকরামের মুঠোফোনে রিং হলেও তিনি ধরেননি।