শিক্ষানবিশ চিকিৎসক একজন, অন্যরা শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে মিরপুরে র্যাবের কার্যালয়ে নেওয়া হয় l ছবি: প্রথম আলো
জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে মিরপুরে র্যাবের কার্যালয়ে নেওয়া হয় l ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনা আক্তার ঐশীসহ চার ‘সন্দেহভাজন নারী জঙ্গি’ গ্রেপ্তার হয়েছেন। র্যাব বলছে, তাঁরা জেএমবির সদস্য। ইসতিসনা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের সাবেক সভাপতি বিশ্বাস আক্তার হোসেনের মেয়ে। অন্য তিনজন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার মিরপুরের পাইকপাড়ায় সংবাদ সম্মেলন করেন র্যাব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবীর। তিনি বলেন, দলটির প্রধান মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি (সম্মান) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আকলিমা রহমান মনি। আকলিমাই পরে ইসতিসনা আক্তার এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী ইশরাত জাহান মৌসুমি ওরফে মৌ এবং একই বিশ্ববিদ্যালয়ের খাদিজা পারভিন মেঘলাকে দলে ভেড়ান।
র্যাব বলছে, জিজ্ঞাসাবাদে আকলিমা জানান, তাঁরা নিয়মিত আল-কায়েদা ও আইএস নেতাদের বক্তব্য শুনতেন, বিভিন্ন সাইটে যেতেন এবং মানুষ খুন করার ভিডিও দেখতেন। সিরিয়া ও ইরাকে আইএস যা করছে, তা ঠিক করছে বলেও তিনি প্রচার করতেন।
এ বিষয়ে জানতে বিশ্বাস আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে ছোটবেলা থেকেই খুব ধার্মিক। ইসলামি বিভিন্ন বিষয় সে পড়ত ও ফেসবুকে শেয়ার করত। ইদানীং আকলিমা নামের একটা মেয়ের সঙ্গে ওর যোগাযোগ হয়। মেয়েটা আমার বাসায় দাওয়াতও খেয়েছে। রোজার মাসে এসে বলল, ধর্ম শিক্ষার জন্য টাকা দরকার। আমার মেয়ে সরল বিশ্বাসে দিয়ে দিয়েছে। তবে সে কোনো সংগঠন করত না।’
ইসতিসনা ঢাকা মেডিকেল কলেজের কে-৬৮ ব্যাচের ছাত্রী। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাস করেছেন। শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে তিনি কাজ করছিলেন।
এদিকে মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি মর্মাহত, দুঃখিত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় আইনে বিচার হোক—এটাই আমি চাইব। তবে তাঁরা যে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, সে খবর আমি জানতাম না।’
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের আরও দুই ছাত্রী, মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক এবং গুলশান ও ধানমন্ডির দুই আরবি শিক্ষকের নাম জানিয়েছেন।
মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন, ফার্মেসির ওই শিক্ষক এখনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তিনি তাঁর সম্পর্কেও কিছু জানেন না বলে দাবি করেন।
গতকাল সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তারা আকলিমা রহমানের খোঁজ পায় জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মো. মাহমুদুল হাসানের কাছ থেকে। গত ২১ জুলাই র্যাব মাহমুদুলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, রোজার মাসে আকলিমা রহমান সংগঠনের জন্য তাঁকে ১২ হাজার টাকা চাঁদা তুলে দিয়েছেন। মাহমুদুলকে গ্রেপ্তারের পর থেকেই আকলিমা গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
আকলিমা রহমানকে র্যাব-৪-এর একটি দল গত সোমবার দিবাগত রাত দুইটার সময় গাজীপুরের সাইনবোর্ড এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে। তাঁর মুঠোফোন থেকে জঙ্গিবাদ ও জিহাদ-সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, আকলিমা মানারাত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি আরবি পড়ার নামে বিভিন্ন জায়গায় যেতেন এবং ‘দাওয়াতি’ কার্যক্রম পরিচালনা করতেন।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আকলিমা জানান, বছর খানেক আগে তিনি গাজীপুরের হাজীর পুকুর মসজিদে জুমার নামাজ পড়তে যান। ওই মসজিদের নিচতলায় একটি গ্রন্থাগার আছে। গ্রন্থাগারের মালিক আনসার আলী তাঁকে জসীম উদ্দীন রাহমানীর লেখা দুটি বই দিয়েছিলেন। তিনিই জঙ্গি মাহমুদুল হাসানের সঙ্গে আকলিমাকে পরিচয় করিয়ে দেন। মাহমুদুলের কাছ থেকেই আকলিমা আইএস সম্পর্কে জানতে পারেন। আকলিমা গত বছরের শেষের দিকে ইশরাত জাহান ও খাদিজা পারভিনকে দাওয়াত দেন। তিনি বাংলায় ভাষান্তরিত আনওয়ার আল আওলাকির প্রায় ৫০টি বক্তৃতার অডিও সিডি তাঁদের শুনতে দেন। এ সময় তাঁদের সঙ্গে মানারাতের ফার্মেসি বিভাগের এক প্রভাষকের যোগাযোগ হয়। তিনি এই নারীদের গুলশান ১ নম্বরে এক আরবি শিক্ষকের বাসায় নিয়ে যেতেন। সেখানে তাঁরা আইএসের বিভিন্ন অডিও-ভিডিও দেখতেন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনা আক্তারকে সোমবার সকালে তাঁর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সাল থেকে ইসতিসনা ধানমন্ডি ৬ নম্বরে ইসলামি ক্লাস করতে যেতেন। ওই ক্লাস চালাতেন একজন পাকিস্তানি নারী। ফেসবুকে ইসলাম ক্লাস ফর গার্লস পেজের মাধ্যমে তিনি ওই নারীর সঙ্গে পরিচিত হন। ২০১৫ সালে তাঁর সঙ্গে আকলিমার পরিচয় হয়। আকলিমা আইএসে যোগ দেওয়া ‘ভাই’দের সম্পর্কে তাঁকে জানান। তিনি নিয়মিত পেনড্রাইভে আইএসের অডিও-ভিডিও এবং দাবিকে ছাপা হওয়া লেখাও পড়তে দিতেন ইসতিসনাকে।
এ ছাড়া অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, ইসতিসনার কিছু বিদেশি বন্ধুবান্ধব আছে। তাঁদের মাধ্যমে আইএসের বিভিন্ন অভিযান, তাদের প্রচারিত তত্ত্ব ল্যাপটপ ও মুঠোফোনে সংরক্ষণ করতেন তিনি। ২০১৬ সালের এপ্রিল-মে মাসের দিকে আকলিমা তাঁকে জানান, আইএসে যোগ দেওয়া এক ভাই খুব কষ্টে আছেন। তাঁকে কিছু টাকা পাঠানো দরকার। আকলিমার কথামতো তিনি ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সাড়ে সাত হাজার টাকা বিকাশ করে পাঠান।
আকলিমা সম্পর্কে জানতে তাঁর বাবা মো. শহিদুর রহমানের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফোন ধরার অনুরোধ করলেও তিনি ফোন ধরেননি। শহিদুর রহমান একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী।
মিরপুর ১-এর জনতা হাউজিংয়ে অভিযান চালিয়ে গত সোমবার রাত ১০টার দিকে ইশরাত জাহানকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, তাদের সদস্যরা বাসায় ঢোকার আগেই তিনি মুঠোফোনের মেমোরি কার্ড নষ্ট করে ফেলেন। পরে র্যাব তল্লাশি চালিয়ে ওই বাসা থেকে জিহাদি বই উদ্ধার করে।
এ বিষয়ে জানতে ইশরাত জাহানের বাবা হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে খাদিজা পারভিনের একজন নিকটাত্মীয় জানিয়েছেন, তিনি (খাদিজা) যে জঙ্গিবাদে জড়িয়েছেন, তা তিনি জানতে পারেননি। সোমবার খাদিজাকে তাঁর মিরপুরের বাসা থেকে র্যাব গ্রেপ্তার করে।