শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দেওয়ার নামে প্রতারণা
রংপুরের তারাগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোর উন্নয়নের জন্য অনুদান দেওয়ার নামে চিঠি পাঠিয়ে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপীয় কমিশনের যৌথ উদ্যোগে পরিচালিত প্রমোট-২য় প্রকল্প (বিদ্যালয় উন্নয়ন-২য় প্রকল্প) পরিচালকের পরিচয় দিয়ে চক্রটি প্রতারণা করছে।
সাতজন অধ্যক্ষ ও প্রধান শিক্ষক জানান, চলতি মাসের শুরুতে প্রমোট-২য় প্রকল্পের পরিচালক এম আশরাফুল আলম চৌধুরীর পরিচয়ে স্বাক্ষরিত চিঠি প্রতিষ্ঠানের প্রধানদের বরাবরে পাঠানো হয়েছে। চিঠিতে ০১৫৫৬৬৪৯৬১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ওই মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে জানানো হয়, তাঁদের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ছয় লাখ ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে। এ অনুদান দুই দিনের মধ্যেই প্রতিষ্ঠানের হিসাব নম্বরে জমা করা হবে। এ জন্য প্রতিষ্ঠানের হিসাব নম্বর নেওয়া হয়। এরপর একটি মুঠোফোন নম্বর দিয়ে তাতে দুই ঘণ্টার মধ্যে খরচ হিসেবে বিকাশের মাধ্যমে দু-তিন হাজার টাকা পাঠাতে বলা হয়।
গতকাল বুধবার পর্যন্ত সাত দিনে উপজেলার নয়টি মাধ্যমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা ও তিনটি কলেজের অধ্যক্ষের বরাবর চিঠি পাঠিয়ে এ প্রলোভন দেখানো হয়। এ প্রলোভনে পড়ে ইতিমধ্যে কয়েকজন শিক্ষক প্রতারিত হয়েছেন। কাজীপাড়া আদর্শ মহিলা বি এম কলেজের অধ্যক্ষ আনিছুল হক জানান, তিনি বিশ্বাস করে ওই প্রতারক চক্রের দেওয়া ০১৭২৫১৪৪১৫২ নম্বরে দুই হাজার টাকা পাঠিয়েছেন।
ওকড়াবাড়ী ফারুকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা জানান, চিঠি পাওয়ার পর যোগাযোগ করে তিনিও ওই প্রতারক চক্রের সদস্যের কথামতো ০১৭২০২৬৩২৪৪ নম্বরে বিকাশ করেন দুই হাজার টাকা। এরপর চিঠিতে লেখা নম্বরে আবারও যোগাযোগ করে বরাদ্দের ব্যাপারে জানতে চাইলে তাঁকে আরও চার হাজার টাকা পাঠাতে বলা হয়। একপর্যায়ে ওই প্রতারক চক্রের সদস্য মুঠোফোনে তাঁকে প্রায় পাঁচ মিনিট অশ্লীল ভাষায় গালাগাল করে।
ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম ও তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনসহ পাঁচজন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ জানান, তাঁরা দর-কষাকষি করে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা করে পাঠিয়েছেন। পরে ওই সব নম্বরে যোগাযোগ করে তা বন্ধ পান। অন্য সহকর্মীদের কাছে একই কথা শুনে তাঁরা প্রতারিত হয়েছেন বলে নিশ্চিত হন।
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, ওই প্রতারক চক্রের সদস্যরা এক মাস আগে তারাগঞ্জের একজন জনপ্রতিনিধির কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত জানান, প্রমোট নামের কোনো প্রকল্প এখন এই উপজেলায় নেই। এটা সম্পূর্ণ ভুয়া চিঠি।
প্রতারক চক্রটির পাঠানো চিঠিতে লেখা মুঠোফোনে যোগাযোগ করে প্রথম আলোর সাংবাদিকের পরিচয় দিলে অপর প্রান্ত থেকে বলা হয় এটি ভুল নম্বর।