রাজধানীর শ্যামলী মোড় থেকে রিং রোড ধরে কৃষি মার্কেট হয়ে মোহাম্মদপুর পর্যন্ত সড়কের ওপর রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে জায়গা দখল করে আছে আবাসিক এলাকার বর্জ্য রাখার কনটেইনার ও রিকশার গ্যারেজ। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসীকে দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করাতে হচ্ছে। পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর রিং রোড এলাকায় অবস্থিত বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের ফটকের এক পাশে রয়েছে বাণিজ্যিক নার্সারি। আর ঠিক তার অপর পাশে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে আবাসিক এলাকার বর্জ্য রাখার কনটেইনার। এ কনটেইনারের পাশেই তৈরি করা হয়েছে অবৈধ রিকশার গ্যারেজ। এর কিছু দূরে সড়কটির অপর পাশে রয়েছে আরও একটি কনটেইনার। আবর্জনার দুর্গন্ধের কারণে প্রতিদিন নাক চেপে এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর ধরে প্রতিদিন আশপাশের এলাকার বাড়ি থেকে ময়লা এনে জমা করা হয় এসব কনটেইনারে। তারপর সিটি করপোরেশনের গাড়ি এসে এসব নিয়ে যায়। এ সময় দুর্গন্ধ আর মশা-মাছির উৎপাতে এলাকায় টিকে থাকাই দায় হয়ে পড়ে।
মোহাম্মদপুর থেকে কৃষি মার্কেট এলাকার সড়কের ওপরও একইভাবে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে আবর্জনার কনটেইনার। এর এক পাশে রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ এবং অন্য পাশে যানবাহন মেরামতের গ্যারেজ। এই কনটেইনারের পাশেই রয়েছে অভিভাবকদের জন্য স্থাপন করা বসার জায়গা ও যাত্রীছাউনি। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এখানে বসে থাকা কষ্টকর হয়ে ওঠে।
সরেজমিনে দেখা যায়, মূল সড়কের প্রায় অর্ধেক জায়গা দখল করে ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা রাখার কনটেইনার আর অন্যদিকে গ্যারেজে মেরামতের জন্য অপেক্ষায় থাকা বিভিন্ন যানবাহন। ফলে সড়কের ওপর গাড়ির চাপ একটু বাড়লেই প্রায় সময় যানজট লেগে যায়। যানজটের সময় দুর্গন্ধের জন্য নাক চেপে বসে থাকতে হয় যাত্রীদের।
এলাকার স্থানীয় বাসিন্দা রুহুল শেখ প্রথম আলোকে বলেন, ‘মাঝে মাঝে দুর্গন্ধের কারণে দম বন্ধ হয়ে আসে আমাদের। অনেক সময় ঘরের জানালা বন্ধ করে রাখতে হয়। কনটেইনারগুলো ঢেকে রাখার ব্যবস্থা করলে অন্তত দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যেত।’
এ ব্যাপারে জানতে চাইলে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন মাসের মধ্যে এ কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হবে। রিং রোডের পাশে একটি বর্জ্য সংগ্রহ কেন্দ্র স্থাপনের জন্য তিন কাঠা জায়গা দেওয়া হয়েছে।