শিক্ষাভবনে দরপত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (শিক্ষাভবন) প্রায় ১০০ কোটি টাকার দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক দুই পক্ষের মধ্যে গতকাল সোমবার বিকেলে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আমিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষাভবন সূত্র বলেছে, স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণ, আসবাব ও কম্পিউটার সামগ্রী সরবরাহের মোট ছয়টি কাজ নিজেদের কবজায় নিতে কয়েক দিন ধরে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের অনুসারীরা এবং অন্য পক্ষে রয়েছেন যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওরফে শফিক, স্যার এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও তাঁদের অনুসারীরা।
সূত্র বলেছে, শিক্ষাভবনের দরপত্রে নিয়মিত অংশ নেন শফিক ও তাঁর অনুসারীরা। সম্প্রতি বায়জিদের অনুসারী একটি অংশ শিক্ষাভবনে দরপত্রে ভাগ বসাতে আসে। গতকাল বিকেলে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রায় আধঘণ্টা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এ সময় প্রায় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বায়জিদ ও মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এ সম্পর্কে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের কেউ বায়জিদের অনুসারী নয় এবং সেখানে ছাত্রলীগের কেউ ছিল না।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, দরপত্রকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বিস্তারিত জানা যায়নি।