শিক্ষামন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে আট ছাত্র আহত হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর নির্দেশে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। শিক্ষার্থীদের বেত্রাঘাতে আহত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্লাস বর্জন করে।
জানা গেছে, বিদ্যালয়ের তিন শিক্ষকের বেত্রাঘাতে আট শিক্ষার্থী আহত হওয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশের পর গতকাল সকাল
নয়টার দিকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মুঠোফোনে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) শারমিন ফেরদৌস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী তাঁকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সকালেই জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল খালেককে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়।
কমিটির আরেক সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী বিকেল সোয়া পাঁচটার দিকে পাঙ্গাশিয়া উচ্চবিদ্যালয় থেকে জানান, ‘তদন্ত কমিটি গঠনের পরপরই আমরা বিদ্যালয়ে এসেছি। ইতিমধ্যে আমরা প্রধান শিক্ষক ও অভিযোগকারী ছাত্রদের জবানবন্দি নিয়েছি। প্রাথমিক তদন্তে আমরা ছাত্রদের পিটিয়ে আহত করার সত্যতা পেয়েছি। এ ছাড়া শিক্ষকদের কিছু আচরণগত সমস্যার কথাও জেনেছি। শিক্ষকেরাও তাঁদের ভুল বুঝতে পেরেছেন। আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছি।’
প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ে কক্ষ বরাদ্দের দাবি নিয়ে গত রোববার ছাত্রদের সঙ্গে শিক্ষকদের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে তিন শিক্ষক বেত্রাঘাত করে আট ছাত্রকে আহত করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, গতকাল থেকে ওই বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।