শিক্ষার নামে ব্যবসা কিন্ডারগার্টেনগুলোর
রংপুরের তারাগঞ্জ উপজেলার অধিকাংশ কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের মাসিক বেতন ২০০ টাকা করে। কিন্তু এসব কিন্ডারগার্টেনের মালিকেরা পড়াশোনার মানের চেয়ে ব্যবসায়িক দিকটিকেই বেশি প্রাধান্য দেন বলে অভিভাবকদের অভিযোগ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২৩টি কিন্ডারগার্টেন রয়েছে। অনন্তপুর গ্রামের জিকরুল হক, সরকারপাড়া গ্রামের হাসু সরকার, ঘনিরামপুর গ্রামের নুরুজ্জামান সরকারসহ কয়েকজন অভিভাবক বলেন, মাসিক বেতন, সেশন ফি ও অন্যান্য ফি বাড়িয়ে দেওয়ায় সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে তাঁদের কষ্ট হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, স্কুলগুলোতে শিক্ষকদের কথামতো সরকার নির্ধারিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত চারটি বই মোটা অঙ্কের টাকা দিয়ে কিনতে হচ্ছে।
কাসিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ বলেন, মাত্র পাঁচ-ছয় বছরের শিশুটির জন্য সাতটি বই কিনতে হয়।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আগামী শিক্ষা কমিটির সভায় বিষয়টি আলোচনা করা হবে। প্রয়োজনে কিন্ডারগার্টেনের মালিকদের ডেকে সতর্ক করা হবে।