শিক্ষার্থী অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি, গাড়িসহ অসীমকে আটক করে রূপগঞ্জ থানা-পুলিশ।
ওই শিক্ষার্থী বরিশাল সিটি করপোরেশনের এক কাউন্সিলরের মেয়ে। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রলীগ থেকে অসীম দেওয়ানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
অসীম দেওয়ান বরিশাল মহানগরের কাউনিয়া এলাকার বাসিন্দা। তাঁকে আটক করার সময় বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। রাতেই তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। অসীমকে আজ মঙ্গলবার আদালতে তোলা হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ুয়া ওই শিক্ষার্থীকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করেন অসীম ও তাঁর দুই সহযোগী। পরে ওই শিক্ষার্থীকে গাড়িতে উঠিয়ে নারায়ণগঞ্জের দিকে নিয়ে যান তাঁরা—এমন তথ্য পুলিশের কাছে ছিল। গাড়িটি রূপগঞ্জ এলাকায় ফেরিতে ওঠার আগে যানজটে আটকা পড়ে। এ সময় ওই শিক্ষার্থী গাড়ির ভেতর থেকে পুলিশ দেখে কাচে লাথি মারতে থাকেন। তখন ছাত্রীর মুখ চেপে ধরা ছিল।
এ সময় পুলিশ সদস্যরা অসীম ও গাড়িচালককে আটক করে। তখন অসীমের দুই সহযোগী পালিয়ে যায়। অসীমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপহরণের শিকার ওই শিক্ষার্থী বাদী হয়ে অপহরণ মামলা করেছেন। আবার পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। এই মামলায় অসীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই শিক্ষার্থীর বাবা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা অসীম তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং প্রায়ই উত্ত্যক্ত করতেন। তাই মেয়েকে ঢাকায় রেখে পড়াশোনা করানো হচ্ছিল। অসীম প্রায়ই এ নিয়ে নানা হুমকি দিতেন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে তাঁকে অপহরণ করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এদিকে গতকাল রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অসীমকে বহিষ্কার করে। ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অসীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।