শিক্ষার্থী অপহরণের সময় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিউল (১১) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই অপহরণকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
অপহরণকারী ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শোলগাই গ্রামের নুর ইসলামের ছেলে মানিক মিয়া (২২) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুল জলিল খানের ছেলে খাইরুল ইসলাম (২৫)।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ বলেন, উল্লাপাড়ার শ্রীকোলা মহল্লার আবদুল হান্নানের ছেলে শ্রীকোলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রবিউল ইসলাম সোমবার বিকেলে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত তার নানাবাড়িতে যাওয়ার পথে স্টেশনের প্ল্যাটফর্মে বসে ছিল। এ সময় ওই দুই অপহরণকারী রবিউলকে মজাদার খাবারের লোভ দেখিয়ে একটি রিকশাভ্যানে তোলেন। বেলকুচির দিকে যাওয়ার সময় শাহজাহানপুর গ্রামের পাশে রবিউল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বুঝতে পেরে দুই অপহরণকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
অপহরণকারীরা রবিউলকে অপহরণের কথা থানায় স্বীকার করেছেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।