রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা এক বহিরাগত শিক্ষার্থী অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে আটকে রেখে ও নির্যাতন করে মুক্তিপণ চেয়েছেন। অভিযোগের সত্যতা পেয়ে ছাত্রলীগের দুই কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা।
জুন্নুন ওয়ালিদ ওরফে বাবু নামের ওই শিক্ষার্থী আজ সাংবাদিকদের কাছে বলেন, তাঁকে গতকাল সোমবার রাতে চোখ বেঁধে আটকে রাখা হয়েছিল। ছাত্রলীগের উচ্চপর্যায়ের নেতাদের চাপে পড়ে অপহরণের ১৪ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জুন্নুন বলেন, তাঁর বাড়ি দিনাজপুর জেলার পাহাড়পুর এলাকায়। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বর্তমানে ঢাকায় কোচিং করছেন।
বিকেলে এ ঘটনায় মতিহার থানায় আজ মামলা করেন জুন্নুন। এদিকে অভিযোগের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী তাউশিক তাজ ও মাহফুজুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সহসম্পাদক মিজানুর রহমানকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মামলার পর আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে।
জুন্নুন সাংবাদিকদের বলেন, তাঁর এক বান্ধবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর সঙ্গে দেখা করার জন্য তিনি ও তাঁর বন্ধু সামির খান গত রোববার রাজশাহীতে আসেন। নগরের তালাইমারীতে একটি ছাত্রাবাসে ওই বান্ধবীর এক বন্ধু সনেট থাকেন। বান্ধবীর কথায় তাঁরা সনেটের ছাত্রাবাসে ওঠেন।
জুন্নুন বলেন, সোমবার রাত ১০টার দিকে তালাইমারী থেকে সনেট ও তাঁর বন্ধু ছাত্রলীগের কর্মী তাউশিক তাজ মিলে ওয়ালিদকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়ে যান। সেখানে হলের একটি কক্ষে তাঁর সঙ্গে কথা বলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ তাউশিক তাজ, এহসান ও সনেট।
জুন্নুন বলেন, সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে গল্প করার একপর্যায়ে চা-নাশতা খাওয়ার জন্য চাঁদা দাবি করেন। রাত ১২টার দিকে তাঁরা তাঁকে হলের বাইরে নিয়ে চড়-থাপ্পড় মারেন এবং মেরে ফেলার হুমকি দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসে তাঁকে কিছুক্ষণ ঘোরানো হয় এবং মানসিক নির্যাতন করে টাকা দাবি করা হয়। পরে তাজের কয়েকজন বন্ধু তাঁকে বিনোদপুর বাজারের একটি গলিতে নিয়ে চোখ বেঁধে ১০-১৫ মিনিট হাঁটিয়ে একটি স্থানে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাঁকে রাতভর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। তাঁর হাতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় এবং লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁর ফোন থেকে তাঁর বন্ধুদের ফোন করে টাকা চাইতে বাধ্য করা হয়।
আজ সকাল আটটার দিকে জুন্নুনের ফোন থেকে তাঁর বন্ধু সামিরকে ফোন দিয়ে দ্রুত টাকা দাবি করেন তাঁরা। না হলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সামির বিষয়টি জুন্নুনের বান্ধবীকে জানালে তিনি ক্যাম্পাসে তাঁর পরিচিত কয়েকজনকে জানান। বিষয়টি জানার পর ছাত্রলীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা কৌশলে অপহরণকারীদের কাছ থেকে টাকা দেওয়ার জন্য বিকাশ নম্বর চান।
ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি জানতে পেরেছেন বোঝার পর অপহরণকারীরা মোবাইল কেড়ে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জুন্নুনকে মির্জাপুর এলাকার একটি ধানখেতে ছেড়ে দেন। সেখান থেকে তিনি ক্যাম্পাসে চলে আসেন।
জানতে চাইলে ছাত্রলীগের নেতা গোলাম কিবরিয়া বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে এর সঙ্গে জড়ানো হয়েছে। আমি বঙ্গবন্ধু হলে থাকি। আমার রুমমেট কোনো অপরাধ করলে তার দায় আমি নিতে পারি না।’
ছাত্রলীগের কর্মী ও কিবরিয়ার রুমমেট তাউশিক তাজের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না’।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানার পর ছাত্রলীগের সিনিয়র নেতারাই ওই শিক্ষার্থীকে উদ্ধারের ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানান, অপহরণের শিকার শিক্ষার্থী জুন্নুন ওয়ালিদ বাবু বাদী হয়ে মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রলীগের কর্মী তাউশিক তাজ ও বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সনেটের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়েছে।