শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর জের ধরে গতকাল শুক্রবার শিক্ষার্থীরা দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।
সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বদি-উজ-জামান বাদলকে (৩০) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শ্যামনগর গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার বিকেলে প্রক্টর মশিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে আগের দিন কর্তৃপক্ষ মাঠে বালু ফেলার কাজে নিরাপত্তাকর্মী বাদলের ভাই শরীফের ট্রলি ভাড়া করে। ওই দিন শরীফ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী বিষয়টি তাঁর সহপাঠীদের জানান। ওই দিনই ছাত্রীর সহপাঠীরা শরীফকে মারধর করেন।