বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। মামলায় আটক কথিত ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ও তাঁর ১৮ সহযোগীকে আসামি করা হয়েছে।
পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র দ্বীপ কুমার পালকে গত বুধবার দুপুরে পুলিশ উদ্ধার করে। এ সময় ওই ছাত্রাবাস থেকে আসাদুজ্জামানসহ ২৫ জনকে আটক করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়ায় তাঁদের মধ্যে ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার রাতেই থানায় ওই পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে ঘটনার শিকার ছাত্র দ্বীপ কুমার পাল বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। এ ছাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস মোল্লা বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বলেন, আটক আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদেরও নজরদারিতে রাখা হচ্ছে।
ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী বলেন, ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র আসাদুজ্জামান নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর আগেও নিরীহ শিক্ষার্থীদের ছাত্রাবাসে জিম্মি করে অর্থ আদায়, ছাত্রাবাসে মাদক ব্যবসা চলানোর নানা অভিযোগ রয়েছে। আসাদুজ্জামান গত বছরের ২৭ মে পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা রেজাউল করিম ওরফে রেজার অনুসারী। ওই দিনের হামলায় আসাদুজ্জামানকেও কুপিয়ে গুরতর জখম করা হয়েছিল।