শিক্ষার্থী পেটানোয় শিক্ষক চাকরিচ্যুত
ফরিদপুরের সালথা উপজেলায় কুমারকান্দা জামিয়া সামসুল উলুম মাদ্রাসায় ১১ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় শুক্রবার শিক্ষক আবদুল রাজ্জাককে চাকরিচ্যুত করা হয়েছে।
আজ শনিবার ওই মাদ্রাসার প্রধান শফিকুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। শিক্ষক রাজ্জাককে চাকরিচ্যুত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পড়া না পারায় মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক আবদুল রাজ্জাক ১১ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এরপর শিক্ষার্থীদের মাঠের মধ্যে দাঁড় করিয়ে প্রত্যেককে ২০০ বার কান ধরে ওঠবস করার হুকুম দেন। শিক্ষার্থীরা কিছুক্ষণ ওঠবস করার পর অপারগতা প্রকাশ করলে ওই শিক্ষক তাদের গাছের ডাল দিয়ে বেদম মারধর করেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত পাশের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আবদুল রাজ্জাক শিক্ষার্থীদের মারধর ও কান ধরে ওঠবস করানোর কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা অসুস্থ হলে আমি নিজেই হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করিয়েছি।’