শিক্ষার্থী পেটানোই তাঁর নেশা?
‘হেড স্যার সব সময় মার দেওয়ার সুযোগ খোঁজেন। পড়া বুঝতে দেরি হলে, স্কুলে একটু দেরিতে আসলে, জোরে কথা বললেও তিনি রোদে দাঁড় করে রাখেন ও মারধর করেন। এখন এর সঙ্গে যোগ হয়েছে অভিভাবককে মারধর।’ এসব কথা ঠাকুরগাঁও সদর উপজেলার বালুচর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, গত রোববার বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে ছয় শিক্ষার্থী দেরিতে হাজির হয়। প্রধান শিক্ষক আজাহার আলী ওই শিক্ষার্থীদের ডেকে বেত্রাঘাত করেন ও রোদে দাঁড় করিয়ে রাখেন। শিক্ষার্থীরা বাসায় ফিরে বিষয়টি অভিভাবকদের জানালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঋতু পর্ণার বাবা শৈলেন্দ্র নাথ, দীপিকার বাবা মনোহরি চন্দ্র ও দিতির বাবা ধৈর্য রাম বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। সে সময় শৈলেন্দ্রের সঙ্গে আজাহারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শৈলেন্দ্রকে চড়থাপ্পড় মারার পর ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দেন আজাহার। ধাক্কায় দেয়ালের সঙ্গে লেগে শৈলেন্দ্র মাথায় আঘাত পান। এ সময় শৈলেন্দ্রের সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে অভিভাবকেরা এর প্রতিবাদে সোমবার বিদ্যালয়ে এসে কয়েকটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। মঙ্গলবারও অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাননি। এদিন প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে অভিভাবকেরা সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।
তোজাম্মেল হক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রধান শিক্ষক সব সময় শিক্ষার্থীদের মারধর করেন। এটা তাঁর নেশা।
দীপিকার বাবা মনোহরি বলেন, ‘একজন শিক্ষক অভিভাবককে চড়থাপ্পড় দেবে, এটা মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ওই বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠাব না।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘অভিভাবকেরা আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি মীমাংসার জন্য আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে যাচ্ছি।’
প্রধান শিক্ষক আজাহার বলেন, ‘আইনে নিষিদ্ধ হলেও ছাত্রদের মানুষ করতে শাসন করতেই হয়। আগের দিন যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত ছিল তাদের অ্যাসেম্বলিতে ডেকে আলাদা করা হয়। এরপর এক এক করে অনুপস্থিত থাকার কারণ যাচাই করি। কারণ গ্রহণযোগ্য না হলে বেত বা স্কেল দিয়ে দু-চারটা আঘাত করি। শিক্ষার্থীকে বেত্রাঘাত করা আমার নেশা নয়, এটা বলতে পারেন বিদ্যালয় পরিচালনায় আমার একটা কৌশল।’ তবে অভিভাবককে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীকে বেত্রাঘাত করা অপরাধ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।