বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত নোবেল মেমোরিয়াল কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিবন্ধন সংক্রান্ত জটিলতায় পড়লে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ।
আজ রোববার ঢাকার সুইডেন দূতাবাস আয়োজিত নোবেল মেমোরিয়াল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুয়েট মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা জানতেন, প্রতিযোগিতার জন্য অনুষ্ঠানস্থলে গিয়ে নিবন্ধন করতে হবে। কিন্তু অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাঁদের জানানো হয়, আগেই অনলাইনে নিবন্ধন হয়ে গেছে। নতুন করে কোনো নিবন্ধন করা হবে না। এ নিয়ে বিপাকে পড়েন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এ সময় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন।
শিক্ষার্থীরা বলেন, নিবন্ধন করতে না পারা শিক্ষার্থীরা বেলা দেড়টার দিকে মিলনায়তনের সামনে অবস্থান করার সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঘটনা জানতে চান। কথা বলার একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের শিক্ষার্থী বায়েজিদ মিয়াকে চড় মারেন আবু সাঈদ। এতে বায়েজিদের চশমা ভেঙে যায়। এ সময় সাঈদের নেতৃত্বে আরও ১০-১৫ জন ছাত্রলীগকর্মী অন্যদের ধাওয়া দিয়ে বের করে দেন।
এ বিষয়ে আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘ওদের আচরণ খুব এগ্রেসিভ (উগ্র) ছিল। তাঁদের বলা হয়েছে, নিবন্ধন করা যাবে না, তারপরও গরম দেখিয়ে কথা বলছিল। পরে আয়োজকেরা আমাকে বলায় আমি গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।’ গায়ে হাত তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওখানে ধাক্কাধাক্কি হয়েছে। এর বেশি কিছু না।’
পরে প্রতিযোগিতা শুরু হলে নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল, নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী ও সুইডেনের ওপর কয়েক ধাপে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী হয় খুলনা বিশ্ববিদ্যালয়। বিজয়ীরা বিনা খরচে এক সপ্তাহের জন্য সুইডেন ঘুরে আসার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য খালেদা ইকরামের সভাপতিত্বে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুইডেন সম্পর্কিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।