শিক্ষার্থী হত্যায় জড়িত সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িত এক যুবককে গতকাল রোববার দুপুরে নগরের স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ফয়সাল হোসেন।
পুলিশ জানায়, ২০১৪ সালের ৪ মে দেওয়ানবাজার এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমন। গুলিবিদ্ধ ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে তিনি মারা যান।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমনকে খুনের ঘটনায় ফয়সাল সরাসরি অংশ নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ছাড়া নগরের দেওয়ানবাজার, চকবাজার ও বাকলিয়া এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সে জড়িত বলেও স্বীকার করেছে।