শিক্ষার্থীকে অচেতন করে টাকা ছিনতাই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে অচেতন করে এক লাখ ৮৭ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীর নাম কাউসার আলী।
কাউসার আলীর বরাত দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, নগরের উপশহর এলাকায় একটি বেসরকারি কলেজ প্রতিষ্ঠার কাজ চলছে। কাউসার ওই কলেজের কাজ দেখাশোনা করেন। ওই কলেজের বোরহান নামের একজন অংশীদার সোনালী ব্যাংকে কাউসারের অ্যাকাউন্টে এক লাখ ৬৫ হাজার টাকা পাঠান। ওই টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। আজ দুপুরে আলুপট্টি সোনালী ব্যাংক শাখা থেকে কাউসার এক লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করেন। তাঁর নিজের কাছে ছিল আরও ২২ হাজার টাকা। টাকা তুলে কাউসার ক্যাম্পাসে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। এ সময় অটোরিকশায় আরও তিন যাত্রী ওঠেন। এক সময় ওই তিন যাত্রী চাদর দিয়ে কাউসারকে ঢেকে ধরে এবং নড়াচড়া করলে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখায়। এ সময় অটোরিকশায় উচ্চ স্বরে গান বাজছিল। এভাবে নগরের তালাইমারী মোড় পর্যন্ত আসার কথা তাঁর (কাউসার) মনে আছে। তারপর অচেতন হয়ে পড়েন।
কাজী মামুন হায়দার বলেন, বেলা একটার দিকে তাঁর মোবাইলে একটা কল আসে। তাঁকে জানানো হয়, পবা উপজেলার মুশরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিভাগের এক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে আছেন। বিষয়টি শুনে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাউসারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কাউসারের বুকে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।