শিক্ষার্থীকে আটকে রেখে চাঁদা আদায় ছাত্রলীগের
রাজশাহীতে বেড়াতে আসা ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে জোর করে বিয়ে দিয়ে চাঁদা আদায় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। চাঁদা আদায়ের জন্য ওই শিক্ষার্থীর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে আটকে রেখে নির্যাতনের প্রায় ২৪ ঘণ্টা পর গত রোববার সন্ধ্যায় নির্যাতনের শিকার জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। তাঁর বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) সম্পন্ন করেছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে রাতেই কয়েকজনের নাম উল্লেখ করে নগরের মতিহার থানায় মামলা করেছেন।
জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার তিনি রাজশাহীতে বেড়াতে আসেন। ওই দিন বিকেলে তিনি রাজশাহী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে নগরের পদ্মাপাড়ে ঘুরতে যান। ওই ছাত্রীর সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক বলে দাবি করেন তিনি। একপর্যায়ে মেয়েটির আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে সেখানে রেখে চলে যান জাহাঙ্গীর। পরে সন্ধ্যায় ওই ছাত্রীর বন্ধু রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী কাফী ও তাঁর সহযোগীরা নগরের একটি ছাত্রাবাস থেকে তাঁকে বিশ্ববিদ্যালয়ে তুলে নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানান, কাফী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আয়াতুল্লাহ বেহেস্তি, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ওরফে কৌশিক, সহসম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রলীগের কর্মী এরশাদুর রহমান ওরফে রিফাত, তরিকুল ও রানা জোর করে ওই ছাত্রীর সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে দিতে চান। এরপর রাতে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠে কাজী ডেকে জোর করে তাঁদের বিয়ে দেন তাঁরা। পরে মেয়েটিকে বাসায় পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ওই শিক্ষার্থীকে আটকে রাখেন।
ছাত্রলীগের নেতা-কর্মীরা আরও বলেন, রোববার সকালে তাঁর মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেন ওই নেতা-কর্মীরা। এ ছাড়া পরিচিতজনদের কাছ থেকে আরও ১০ হাজার টাকার ব্যবস্থা করতে জাহাঙ্গীরকে বাধ্য করেন। পরে তাঁর কাছে আরও ৩০ হাজার টাকা চাওয়া হয়।
বিকেলে ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক সন্ধ্যায় ওই হলে গিয়ে জাহাঙ্গীরের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তালাবদ্ধ একটি কক্ষে শব্দ পেয়ে সেখানেই তাঁকে পেয়ে যান তাঁরা। এ সময় ছাত্রলীগের কর্মী তরিকুল ওই কক্ষ থেকে জাহাঙ্গীরকে বের করে দেন।
কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় জড়িত ব্যক্তিরা এ সময় হলে অবস্থান করলেও কাউকে আটক করেনি পুলিশ।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আয়াতুল্লাহ বেহেস্তি বলেন, ‘রাজশাহী কলেজের এক ছাত্রীর সঙ্গে ওই ব্যক্তি (জাহাঙ্গীর) দীর্ঘদিন ধরে প্রেম করেন। কিন্তু বিয়ে করতে তিনি রাজি হচ্ছেন না। ওই ছাত্রী ও তাঁর বন্ধুদের অনুরোধে কয়েকজন মিলে তাঁদের বিয়ের ব্যবস্থা করে দিই। রাত হওয়ায় তিনি আমাদের সঙ্গে হলে ছিলেন। রোববার তিনি চলে গেছেন। আমরা আর কিছু জানি না।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মী এরশাদুর রহমান ও তরিকুলকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের নেতা আয়াতুল্লাহ বেহেস্তি ও কাউসারকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে।
নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, মামলার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।